আজকাল ওয়েবডেস্ক: ভালভার্দের হ্যাটট্রিকে ম্যান সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে। প্রথম লেগের ম্যাচ অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে দুর্দান্ত হ্যাটট্রিক করেন। অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জাঁ ৫–২ ব্যবধানে হারিয়েছে চেলসিকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল ১–১ ড্র করেছে বেয়ার লেভারকুসেনের সঙ্গে। অন্যদিকে, গ্লিমিট ৩–০ হারিয়েছে স্পোর্টিংকে।
রিয়াল অবশ্য আরও গোলে জিততে পারত। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি নষ্ট করেন। আরও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে রিয়াল।
এদিকে, রিয়াল প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়েছিল। ২০ মিনিটে প্রথম গোল ভালভার্দের। দ্বিতীয় ও তৃতীয় গোল তিনি করেন ২৭ ও ৪২ মিনিটে। সিটিকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেয়নি রিয়াল। তবে রিয়ালের বেশ কিছু প্লেয়ার যেমন এমবাপে, বেলিংহ্যামরা ছিলেন না। তবুও জিততে অসুবিধা হয়নি রিয়ালের।
অন্যদিকে, গত বছর ক্লাব বিশ্বকাপে চেলসি হারিয়ে দিয়েছিল পিএসজিকে। তার প্রতিশোধ চ্যাম্পিয়ন্স লিগে নিল তারা।
এদিকে, চমকে দিয়েছে নরওয়ের ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকেই এবার চমক দিয়ে যাচ্ছে গ্লিমিট। যা অব্যাহত থাকল শেষ ষোলোর প্রথম লেগেও।
