আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর আগে বড় ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে। ব্যক্তিগত কারণে যশ দয়ালকে পুরো আইপিএলে পাওয়া যাবে না। বেঙ্গালুরুতে প্রস্তুতি শুরু করে দিয়েছে আরসিবি। কিন্তু প্র্যাকটিসে যোগ দেননি যশ। কানাঘুষো শোনা যাচ্ছিল, কোটিপতি লিগে পাওয়া নাও যেতে পারে পেসারকে। সেই জল্পনাই সত্যি হল। আইপিএল থেকে ছিটকে গেলেন যশ। মঙ্গলবার এই খবর জানান আরসিবির ক্রিকেট ডিরেক্টর মো বোবাট। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি থাকলেও এবছর বাঁ হাতি পেসারকে দেখা যাবে না।
বোবাট বলেন, 'যশ দলের সঙ্গে যোগ দেবে না। আপনারা সবাই জানেন, বর্তমানে একটা ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ছেড়ে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমাদের ওকে রিটেন করা সেটাই প্রমাণ করছে। আমরা ওকে রাখতে চেয়েছিলাম। ও এখনও আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ। আমরা ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমার সঙ্গে ওর এদিনও কথা হয়েছে। তবে ওর নিজের এবং ফ্র্যাঞ্চাইজির স্বার্থে এই পরিস্থিতিতে দলের সঙ্গে যোগ দেওয়া উচিত হবে না। তবে ওর পাশে আমরা আছি, এবং এখনও ও আমাদের প্লেয়ার।'
কয়েকদিন আগে দয়ালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। এক নাবালিকাকে শারীরিক হেনস্থার অভিযোগ ছিল। এর পাশাপাশি আরও এক মহিলাও দয়ালের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছিলেন। দুই অভিযোগ নিয়ে উত্তরপ্রদেশের পেসার রীতিমতো চাপে ছিল। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ২০২৬ সালের আরসিবির টিম বাসের একটি ছবি প্রকাশ্যে আসে। যে ছবিতে সবাই থাকলেও ছিল না যশ। তখন থেকেই কথা উঠতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভাবা হয়, আইনি জটে জড়িয়ে পড়ায় এবছর আইপিএল খেলতে পারবেন না আরসিবির পেসার। শেষপর্যন্ত সেটাই হল।
প্রসঙ্গত, গত মাসেই বিয়ে করেন যশ। তাঁর স্ত্রী একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দয়ালের অনুশীলনের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। কিন্তু চিন্নাস্বামীতে আরসিবির সঙ্গে অনুশীলনে না দেখার পর থেকেই জল্পনা বাড়ে। ২০২৫ আইপিএলে ১৩ উইকেট নিয়েছিলেন দয়াল। তাঁকে রিটেন করা হয়। যদিও এই সিদ্ধান্তের জন্য সমালোচিত হতে হয়েছিল আরসিবির কর্তৃপক্ষকে। এবার পেস বিভাগ নিয়ে প্রথম থেকেই সমস্যায় বেঙ্গালুরু। শুরুতে পাওয়া যাবে না জস হ্যাজেলউডকে। এবার যশ দয়ালও ছিটকে যাওয়ায় সমস্যায় পড়ল গতবারের আইপিএল জয়ীরা। ২৮ এপ্রিল আইপিএলের ঢাকে কাঠি পড়বে। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে বোলিং নিয়ে প্রবল চাপে কোহলিরা।
