আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দলের টপ-অর্ডার ব্যাটার জ্যাকব বেথেল আঙুলের চোটের কারণে আসন্ন প্লে-অফ থেকে ছিটকে গেলেন।
১৭ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পান তিনি। এরপর থেকেই বেথেল মাঠের বাইরে ছিলেন এবং লিগের শেষ ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেননি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বেথেল এখন ইংল্যান্ডে ফিরে যাবেন এবং সেখানে ইংল্যান্ডের পুরুষ দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন।
এরপরই নির্ধারণ করা হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ৪ জুন শুরু হওয়া প্রথম টেস্টে তাঁর অংশগ্রহণ সম্ভব কি না।
চলতি মরশুমে বেথেল আরসিবি-র হয়ে ৭টি ম্যাচ খেলেছেন এবং মোট ৯৬ রান করেছেন। তাঁর অনুপস্থিতিতে শেষ লিগ ম্যাচে ওপেনিংয়ে নামানো হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে, যিনি ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
প্লে-অফের আগে আরসিবি-র জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। চোট থেকে সেরে উঠে দলে ফিরতে পারেন ফিল সল্ট। আঙুলের চোটের কারণে তিনি প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন, তবে এখন তিনি ফের দলে যোগ দিয়েছেন।















