আজকাল ওয়েবডেস্ক: ট্রাক ড্রাইভারের ছেলেকে ৫.২০ কোটিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সারা রাত ধরে ট্রাক ছোটাতেন এক রাজপথ থেকে অন্য রাজপথে।  ছেলের স্বপ্ন সত্যি করার জন্য দিবারাত্রি খাটতেন বাবা। মিনি নিলামে বাবার স্বপ্ন পূরণ হয়েছে। মঙ্গেশ যাদবকে মিনি নিলামে ৫.২০ কোটি বিনিময়ে কিনে নিয়েছে আরসিবি। মঙ্গেশের বাবা বলছেন, ''অর্থের জন্য আমাকে মাথা খুঁড়তে হয়েছে। কখনও কখনও রাতে ঘুমোতে পারিনি। মনে হত কীভাবে আমি টাকা জোগাড় করবো। ট্রাক ড্রাইভারের জীবন বলে কিছু হয় না। নাওয়া খাওয়ার সময় নেই। ট্রাক ভর্তি থাকলে মাল নামানোর চিন্তা থাকে। আবার খালি থাকলে মনে হয় কখন ভর্তি হবে।'' 

মঙ্গেশের মধ্যে প্রতিভা দেখতে পান তাঁর কাকা। টেনিস বলে ভাইপোর খেলা দেখে দিল্লিতে ফুলচাঁদ শর্মার কাছে ক্রিকেট শেখার জন্য পাঠান  তিনি। মঙ্গেশ বলেছেন, ''আজ ক্রিকেট খেলছি ফুলচাঁদ স্যরের জন্য।'' 

দিল্লি যাওয়ার সময় মঙ্গেশের বাবা খুব কষ্ট করে ছেলের হাতে ২৪ হাজার টাকা তুলে দিয়েছিলেন। এক মাসে সেই টাকা কীভাবে শেষ হয়ে গেল, তা আজও বুঝতে পারেননি আরসিবির নতুন তারকা। 

মঙ্গেশের ট্রেনিংয়ের জন্য তাঁর বাবা চেনাপরিচিতদের কাছ থেকে টাকা চাইতেন। ফুলচাঁদ শর্মা একদিন বলেন, ''দিল্লিতে মঙ্গেশ কারও সঙ্গে রয়েছে আমি দেখেছি। ও খুব ভাল বোলার। কিন্তু খাওয়া দাওয়া খুব কম করে। আমি ওকে হস্টেলে থাকতে বলেছি। কেউ অর্থবান কি না তা নিয়ে আমি ভাবি না। যার মধ্যে সম্ভাবনা রয়েছে, সে এসে খাওয়া দাওয়া করতে পারে, অনুশীলন করতেই পারে।'' 

একসময়ে দিগভ্রষ্ট হয়ে পড়েছিলেন মঙ্গেশ। আলস্য গ্রাস করেছিল তাঁকে। তা দেখার পরে রাগত ফুলচাঁদ  মঙ্গেশকে ব্যাগপত্তর নিয়ে চলে যেতে বলেন। কিছুক্ষণ পরে নিজের ভুল বুঝতে পারেন মঙ্গেশ। তিনি ক্ষমা চেয়ে নেন। উপলব্ধি করেন, তাঁর বাবা উদয়অস্ত পরিশ্রম করছেন। সবাই তাঁকে তুলে ধরার জন্য চেষ্টা করছেন। সেই মঙ্গেশ আইপিএল খেলবেন বিরাট কোহলির দলে। মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগে নজর কাড়েন মঙ্গেশ। আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করেন মঙ্গেশ। এবার আরসিবি-র সাজঘরও রজত পাতিদারের সঙ্গে শেয়ার করবেন মঙ্গেশ।