আজকাল ওয়েবডেস্ক: ঐতিহাসিক সাফল্যের পর জম্মু ও কাশ্মীর দলকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রঞ্জি ট্রফি জয়ের পর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফেদের জন্য দু’কোটি টাকা নগদ পুরস্কারের ঘোষণা করেছেন তিনি।

ঘরের মাঠে কর্ণাটককে পরাজিত করে জম্মু ও কাশ্মীর যে দাপুটে জয় পেয়েছে, তার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এক পোস্টে বলেন, জম্মু ও কাশ্মীরের ক্রিকেটের ইতিহাসে এটি এক যুগান্তকারী মুহূর্ত। এই জয় গোটা রাজ্যকে গর্বিত ও অনুপ্রাণিত করেছে।

পাশাপাশি, এই রঞ্জি ট্রফির জয়ের ফলে নগদ পুরস্কারের পাশাপাশি প্রত্যেককে সরকারি চাকরিও দেওয়া হবে বলে জানিয়েছেন আবদুল্লা।

সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 'জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররাও ভারতীয় দলের জার্সি পরার ক্ষমতা রাখে এটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। আমাদের দলের ছেলেরা ঘরোয়া ক্রিকেটের শীর্ষস্থানের দখল নিয়েছে। এবার আশা করি ওরা জাতীয় দলেও সুযোগ পাবে।'

প্রায় সাত দশকের অপেক্ষার অবসান। ৬৭ বছরে প্রথমবার রঞ্জি ট্রফি জিতল জম্মু ও কাশ্মীর। গোটা মরশুম জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন আকিব নবি, পরশ ডোগরারা।

এমনকী, ফাইনালে শক্তিশালী কর্ণাটককে একবারের জন্যও ম্যাচে ফিরতে দেয়নি জম্মু-কাশ্মীর। রাজ্যের এই ঐতিহাসিক সাফল্যের সাক্ষী থাকতে এদিন মাঠে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।

চলতি মরশুমের রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমবারের মতো শিরোপা জিতল পরশ ডোগরার দল। এদিন ম্যাচের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে অধিনায়ক পরশ ডোগরা ইনিংস ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গেই কর্ণাটক জানিয়ে দেয় তারাও আর খেলতে চায় না।