আজকাল ওয়েবডেস্ক: চেক বাউন্সের ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আর্থিক সংকটে পড়েছে মহমেডান স্পোর্টিং। সূত্রের খবর, ক্লাবের নবনির্বাচিত সভাপতি হুমায়ুন কবীরের ইস্যু করা তিনটি চেক বাউন্স করেছে। 

সূত্রের দাবি, হুমায়ুন কবীর ১৭ জুলাই, ২০ জুলাই এবং ৩০ জুলাই ৫০ লক্ষ টাকা করে মোট তিনটি চেক ইস্যু করেছিলেন। কিন্তু তিনটিই ব্যাঙ্কে জমা দেওয়ার পর বাউন্স করে বলে অভিযোগ।  

হুমায়ুন কবীরের দাবি, ক্লাবের স্বার্থেই চেক দেওয়া হয়েছিল এবং কয়েক দিনের মধ্যেই তা ক্লিয়ার হয়ে যাবে। তাঁর দাবি, ট্রান্সফার ব্যানের বিষয়টি মেটাতে ক্লাব সচিব ইতিমধ্যেই ফিফার কাছে অতিরিক্ত সময় চেয়ে নিয়েছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই নির্ধারিত সময়ের আগে চেক জমা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন। 

অন্যদিকে, ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আক্রম দাবি করেন, সভাপতি যে তিনটি চেক দিয়েছিলেন, তিনটিই ব্যাঙ্ক থেকে ফেরত এসেছে। তাঁর কথায়, হুমায়ুন কবীর যে তারিখে চেক জমা দিতে বলেছিলেন, সেই দিনেই তা জমা দেওয়া হয়েছিল এবং তখনই ব্যাঙ্ক জানায় অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই। 

এদিকে ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং প্রথম ম্যাচ জিতেছে ৪-০ গোলে। সাদা-কালো শিবিরের কাছে পরাস্ত হয়েছে বেনারসের দল বাঘপত এফসি।