আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের পর লন্ডনে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। ইউকেতে অবসর সময় কাটাচ্ছেন রোহিত শর্মা। এবার হাতে কিছুটা সময় পেয়েই স্ত্রী বিজেতাকে নিয়ে ছেলের খেলা দেখতে মহীশূরে গেলেন রাহুল দ্রাবিড়। কোচবিহার ট্রফিতে মুখোমুখি কর্ণাটক এবং উত্তরাখণ্ড। সর্বভারতীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় খেলছে। মহীশূরের শ্রীকান্তদত্ত নরসিংহরাজ ওয়াদিয়ার মাঠে স্ত্রীর সঙ্গে ছেলের খেলা দেখেন দ্রাবিড়। তাঁর দুই ছেলেই ক্রিকেট খেলে। দ্রাবিড়ের বড় ছেলে সমিত কোচবিহার ট্রফিতে খেলছে। ছোট ছেলে অনভয় অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলছে। শচীন তেন্ডুলকারের মতো দ্রাবিড়ের বড় ছেলেও অলরাউন্ডার। উত্তরাখণ্ডের বিরুদ্ধে অবশ্য কোনও উইকেট পাননি। আগের ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে করেছিলেন ৫৫ রান। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকছেন দ্রাবিড়। তবে পরিবারকে সময় না দিতে পারার জন্য ভারতের কোচের দায়িত্বে থাকতে রাজি ছিলেন না। আইপিএলের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত বোর্ডের প্রস্তাবে রাজি হয়ে যান। দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার আগে কয়েকদিন বিরতি আছে। সেই ফাঁকে পরিবারকে সময় দিচ্ছেন দ্রাবিড়।
Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরের আগে ছেলের খেলা দেখতে মহীশূরে দ্রাবিড়
















