আজকাল ওয়েবডেস্ক: হাতে ছিল মাত্র দু’দিন। তাও লাগেনি। পঞ্চম দিন চা পানের বিরতির মধ্যেই খেল খতম। বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে ভারত সিরিজ জিতে নিয়েছে ২–০ ব্যবধানে।
বাংলাদেশকে প্রথম ইনিংসে অলআউট করার পর রোহিত ড্রেসিংরুমে কী বার্তা দিয়েছিলেন তা খোলসা করেছেন সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানিয়েছেন, রোহিত ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা দিয়েছিল। ইনিংসের শুরু থেকেই মার আর মার। এই বার্তাই এসেছিল অধিনায়কের থেকে। যার জেরে পাঁচ পাঁচটি বিশ্বরেকর্ড করে ফেলেছিল ভারত। রোহিত ড্রেসিংরুমে যা বলেছিলেন, সেকথা অশ্বিনের গলায়, ‘এই ম্যাচে জয় আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’ এরপরই অশ্বিন বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকে ধরলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়। ওদের অলআউট করার পর রোহিত বলেছিল, শেষদিন অন্তত ৮০ ওভার পাব। ওদের অলআউট করতেই হবে। তার জন্য যদি আমাদের ইনিংস ২৩০ রানেও শেষ হয় কুছপরোয়া নেই। এরপরই ইনিংসের শুরু থেকে মারতে শুরু করে রোহিত ও যশস্বী।’
আর অশ্বিন নিজের সাফল্য নিয়ে কী বলছেন? তাঁর কথায়, ‘পুরনো বলের চেয়ে নতুন বলে আক্রমণে আসা অনেক চ্যালেঞ্জিং। সেটাই করতে হয়েছে। আশা করি সাফল্যের সঙ্গে করেছি। আসলে টিমের জয়টাই ছিল আসল।’
















