আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কা-এ ও ভারত এ-র মধ্যে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার দেখা গেল এক অত্যন্ত অদ্ভুত রান-আউট, যা নিয়ে ইতিমধ্যেই মোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভারত -এ-র ব্যাটার প্রিয়াংশ আর্যা এমন এক পরিস্থিতিতে রান-আউট হন, যা দেখে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা।

ম্যাচের শুরুতেই বৈভব সূর্যবংশী ও প্রভসিমরন সিং দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলে ভারতের ইনিংস সামাল দেওয়ার দায়িত্ব পড়ে প্রিয়াংশ আর্যা ও রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। কিন্তু ১৩-তম ওভারে দু'জনের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে ঘটে যায় নাটকীয় ঘটনা। 

রুতুরাজ একটি বল লং-অফ অঞ্চলে খেলেই দ্বিতীয় রান নেওয়ার ডাক দেন। প্রথমে সাড়া দিলেও পরে দ্বিধায় পড়েন প্রিয়াংশ। ফলে দু'জন ব্যাটারই একসময়ে একই প্রান্তে পৌঁছে যান। শেষ পর্যন্ত রুতুরাজ আগে ক্রিজে ঢুকে পড়ায় প্রিয়াংশকে ফিরে যেতে হয় স্ট্রাইকার্স এন্ডে।

ঠিক সেই সময়ই ঘটে বিতর্কের সূত্রপাত। ক্রিজে ফেরার মরিয়া চেষ্টার সময় প্রিয়াংশের ব্যাট শ্রীলঙ্কার উইকেটকিপার নিরোশন ডিকওয়েলার পায়ের নিচে আটকে যায়। এর ফলে তিনি সময়মতো ব্যাট ক্রিজের ভিতরে নিতে পারেননি এবং রান-আউটের শিকার হন।

?ref_src=twsrc%5Etfw">June 9, 2026

তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখলেও সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, উইকেটকিপারের পায়ের বাধা না পেলে প্রিয়াংশ আর্যা রুতুরাজের আগেই নিরাপদে ক্রিজে পৌঁছে যেতেন। ফলে এই সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এর আগে ভারত-এর তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। তিনটি চার মেরে ১৪ রান করার পর তিনি আউট হন। এরপরই আর এক ওপেনার প্রভসিমরন সিং মাত্র ২ রান করে আউট হয়ে যান।

ম্যাচের আগে ভারত-এর অধিনায়ক তিলক ভার্মা বৈভব সূর্যবংশীকে নিয়ে আশার কথা শুনিয়েছিলেন। তিনি বলেন,''সবাই জানে ও কতটা প্রতিভাবান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ওর পারফরম্যান্স সবাই দেখেছে। শ্রীলঙ্কার ধীরগতির উইকেটে ওর জন্য চ্যালেঞ্জ থাকবে, তবে আমি নিশ্চিত এই ফরম্যাটেও ও ভাল করবে।''

তবে প্রত্যাশার চাপের মধ্যে প্রথম ম্যাচে বড় রান করতে ব্যর্থ হন তরুণ এই ব্যাটার।