আজকাল ওয়েবডেস্ক: ‘লোকে বলে আমি যখন বল করি তখন নাকি আমার অ্যাকশন বুমরার মত দেখতে লাগে। আমি নিজে অবশ্য জানি না’। এমনটাই জানালেন, ভারতীয় পেসারের বড় ভক্ত অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ মহিলা দলের পেসার লিলি বাসিংথওয়েট। বর্তমানে, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিলি জানিয়েছেন, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার বড় ভক্ত তিনি। বাসিংথওয়েটের বোলিং অ্যাকশনের সঙ্গে মিল রয়েছে বুমরার। এমনটা শোনা যায় প্রায়ই। তবে একথা নিজেও স্বীকার করেছেন লিলি। আইসিসির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে বাসিংথওয়েট বলেন, ‘জসপ্রীত বুমরা বল করার সময় তার কনুই অনেকটা হাইপারএক্সটেন্ড করে। আমার বল করার সময়ও কিছুটা সেরকম লাগে।
তাই অনেকে বলেন, আমার বোলিং দেখতে তাঁর মতো লাগে। আমি বুমরার খেলার মানসিকতাটা পছন্দ করি, কারণ সবসময় গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন বুমরা’। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাসিংথওয়েট। ডানহাতি এই পেসার তিন ওভারে মাত্র চার রানের বিনিময়ে দুটি উইকেট তুলে নেন এবং নেপালকে ৫৬/৮ রানে আটকে দেন। এর আগে অস্ট্রেলিয়া ১৩৯/৬ রান তোলে। ৮৩ রানের ব্যবধানে নেপালকে হারান অজি মহিলারা। তবে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ক্যাওইম ব্রে। যিনি ৩৪ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে বাসিংথওয়েটের এই পারফরম্যান্সে ভবিষ্যতে তিনি বড় পর্যায়ে খেলতে পারবেন এমনটাই আশা ক্রিকেটমহলের।
