আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ফাইনালে ওঠার স্বপ্ন আজই শেষ হয়ে যাবে একটি দলের। নিউ চণ্ডীগড়ে এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। চলতি মরশুমে ইতিমধ্যেই দু'বার রাজস্থানকে হারিয়েছে প্যাট কামিন্সের হায়দরাবাদ। তাই তৃতীয়বারও জয় তুলে নিয়ে কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করাই লক্ষ্য সানরাইজার্সের। তবে তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন মাত্র ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।

এই মরশুমে সূর্যবংশীর বিরুদ্ধে দুই ভিন্ন অভিজ্ঞতা হয়েছে হায়দরাবাদের। প্রথম ম্যাচে তাঁকে চাপে রাখতে সক্ষম হলেও দ্বিতীয় সাক্ষাতে বিধ্বংসী শতরান হাঁকান তরুণ ব্যাটার। যদিও সেই ম্যাচেও শেষ হাসি হেসেছিল হায়দরাবাদই।

এলিমিনেটরের আগে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, সূর্যবংশীর মতো ব্যাটারের বিরুদ্ধে শুধু একটি পরিকল্পনা নয়, বিকল্প পরিকল্পনাও তৈরি রাখতে হবে।

কামিন্স বলেন, ''একজন বোলার হিসেবে নিজের শক্তির জায়গা বুঝে সেই অনুযায়ী বল করা গুরুত্বপূর্ণ। তবে প্রতিপক্ষ দলে এমন এক-দু'জন থাকে যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই তাদের বিরুদ্ধে প্ল্যান বি কিংবা প্ল্যান সি নিয়েও ভাবতে হয়। সূর্যবংশীর ক্ষেত্রেও আমরা সেটাই করব। গত ম্যাচে ও আমাদের বিরুদ্ধে শতরান করলেও এমন কিছু সময় ছিল যখন আমরা ওকে ভালভাবেই চেপে ধরেছিলাম। আবার কিছু সময় ও পুরোপুরি ম্যাচ বের করে নিয়ে গিয়েছিল। সেখান থেকেই শিক্ষা নিতে হবে।'' 

রাজস্থানের বিরুদ্ধে চলতি মরশুমে শতভাগ জয়ের রেকর্ড এলিমিনেটরে মানসিক সুবিধা দেবে কি না, সেই প্রশ্নের জবাবে কামিন্স বলেন, ''প্রতিটি ম্যাচই নতুন করে শুরু হয়। তবে আগের ম্যাচগুলো থেকে অনেক কিছু শেখা যায়। আমরা ওদের বিরুদ্ধে দু'বার খেলেছি, ওদের ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা রয়েছে। আমাদের অনেক ক্রিকেটার আগের সাফল্য থেকে আত্মবিশ্বাস পাবে। যেই দলের বিরুদ্ধে আগে ভাল ফল রয়েছে, তাদের বিরুদ্ধে খেলতে নামা সবসময়ই ইতিবাচক অনুভূতির।''