আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগে অদ্ভুত নিয়ম। অভিনবও বলা যায়। টস হওয়ার পর প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়করা। এতদিন এই নিয়ম ছিল না। চলতি পিএসএল থেকেই এই নিয়ম চালু করা হয়েছে।
এটা ঘটনা, প্রথম একাদশ নির্ভর করে উইকেট, শিশির সহ একাধিক পরিস্থিতির উপর। তাই ক্রিকেটে টস খুব গুরুত্বপূর্ণ বিষয়। টস জেতা অধিনায়ক পরিস্থিতি বিচার করে ব্যাটিং বা বোলিং করার সিদ্ধান্ত নেন। টস অনেক সময়েই ম্যাচের ফলাফল গড়ে দেয়। টস হারা দল অনেক ক্ষেত্রেই বেজায় সমস্যায় পড়ে যায়। এরকম পরিস্থিতিতে প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক অধিনায়কই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। ক্রিকেটের এই অনিশ্চয়তা কমাতেই অভিনব সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। জানা গিয়েছে, মূলত শিশিরের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, টসের আগেই দুই দলের অধিনায়ক প্রথম এগারোর তালিকা বা টিম লিস্ট দিয়ে দেন। এবার পিএসএলের নতুন নিয়মে বলা হয়েছে, প্রথম একাদশের দু’টি তালিকা নিয়ে টস করতে যেতে পারবেন দুই দলের অধিনায়ক। টসের পর পছন্দমতো একাদশ বেছে নেওয়া যাবে। পিএসএলের তরফে বলা হয়েছে, ‘ম্যাচ রেফারিকে দু’টি তালিকা টসের আগে দেবেন অধিনায়করা। দু’টি তালিকায় প্রথম এগারোর পাশাপাশি চার জন পরিবর্ত ফিল্ডারের নাম থাকবে। টস হয়ে যাওয়ার পর অধিনায়ক একটি তালিকা বেছে নিতে পারবেন। চূড়ান্ত তালিকায় সই করবেন অধিনায়ক। যাতে পরে সমস্যা বা বিভ্রান্তি না হয়। চূড়ান্ত দল নির্বাচনের পর প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া কোনওভাবেই আর পরিবর্তন করা যাবে না।’
বৃহস্পতিবার ছিল পিএসএলের প্রথম ম্যাচ। লাহোর কালান্দার্স উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসম্যানকে ৬৯ রানে হারিয়েছে। এই ম্যাচেই ওই নতুন ও অভিনব নিয়ম দেখা গিয়েছে। শাহিন আফ্রিদি ও মার্নাস লাবুশেন দুটো তালিকা নিয়ে টস করতে নেমেছিলেন। তবে মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। হয়নি কোনও উদ্বোধনী অনুষ্ঠানও।















