আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকার দলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার!‌ টি–২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন জসদীপ সিং। কাঁধের সেই চোটের জন্য টি–২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আমেরিকার বোলার। তাঁর পরিবর্ত হিসাবে আমেরিকা দলে নিয়েছে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটারকে।


৩২ বছরের জসদীপের বদলে আমেরিকা দলে নিয়েছে ৩২ বছরের এহসান আদিলকে। পাকিস্তানের ক্রিকেটে আদিল পরিচিত মুখ। পাকিস্তানের হয়ে তিনি ৩টি টেস্ট এবং ৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। পাকিস্তানের জার্সি গায়ে সেটাই তাঁর শেষ ম্যাচ ছিল। এবার তাঁকে দেখা যাবে আমেরিকার জার্সি গায়ে। যদিও আন্তর্জাতিক টি–২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই আদিলের।


এটা ঘটনা, কয়েক বছর আগে আমেরিকায় চলে গেলেও এতদিন সে দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি আদিল। এই প্রথম ডাক পেলেন আমেরিকার জাতীয় দলে। বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পেলে ১০ বছরেরও বেশি সময় পর ৩২ বছরের জোরে বোলারকে আবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় দেখা যাবে। মিসবা উল হকের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আদিলের। মিসবার নেতৃত্বেই শেষ বার খেলেন পাকিস্তানের হয়ে।


জসপ্রীতের খেলার সম্ভাবনা না থাকায় আমেরিকা পরিবর্ত ক্রিকেটারের জন্য আবেদন করেছিল। টি–২০ বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি আমেরিকার আবেদন মঞ্জুর করেছে। তার পর আদিলকে দলে নেওয়ার কথা জানিয়েছে আমেরিকা।