আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান সুপার লিগকে অন্য দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে মহসিন নকভির পাকিস্তান ক্রিকেট বোর্ড। সৌদি আরবে পিএসএলের ম্যাচ করতে চায় পিসিবি।


সংবাদসংস্থা পিটিআইকে পাক বোর্ডের এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যে সৌদি ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভি। ওই সূত্র আরও জানিয়েছে, ‘‌পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, সৌদিতে পাকিস্তানের ক্রিকেটকে ছড়িয়ে দিতে। পাকিস্তান সুপার লিগের কয়েকটি ম্যাচ সে দেশে করতে চাইছে তারা। জেড্ডায় একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চান নকভি। আলোচনা চলছে। তবে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি।’‌


ওই সূত্র আরও জানিয়েছে, কোথায় স্টেডিয়াম তৈরি করা হবে সেই জায়গা এখনও ঠিক হয়নি। এমন একটি জায়গা খোঁজা হচ্ছে যেখানে বেশি দর্শকাসনের স্টেডিয়াম তৈরি করা যায়। তাহলে অনেক বেশি দর্শক বসে খেলা দেখতে পারবেন।


ওই সূত্র জানিয়েছে, সৌদি ক্রিকেট বোর্ডই প্রথমে পাক বোর্ডকে এই প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব পছন্দ হয়েছে মহসিন নকভিদের। নিজেদের একটি টি–২০ লিগও শুরু করতে চাইছে সৌদি বোর্ড। ওই সূত্র বলছে, ‘‌কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে সৌদি বোর্ডের সঙ্গে পাক বোর্ডের সম্পর্ক বেশ ভাল। পশ্চিম এশিয়ায় পাকিস্তানের অনেক নাগরিক থাকেন। সেখানে খেলা হলে তাঁরাও খেলা দেখতে পাবেন।’‌


এটা ঘটনা, পাকিস্তানে ক্রিকেট নির্বাসিত থাকাকালীন পাক বোর্ডের হোম ম্যাচ হত সংযুক্ত আরব আমিরশাহিতে। তখন থেকেই পশ্চিম এশিয়ার দেশগুলির ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক বেশ ভাল। এখন দেখার, কত তাড়াতাড়ি এই চুক্তি কার্যকর হয়।