আজকাল ওয়েবডেস্ক: বল বিকৃতির ভূত পাকিস্তান সুপার লিগে। পিএসএলের  ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচে বল বিকৃতির অভিযোগ উঠেছে। ক্রিকেটার ফকর জামানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ''ম্যাচ রেফারি রোশন মহানামার  নেতৃত্বে শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত শুনানিতে ফকর জামান এই অভিযোগ অস্বীকার করেছেন।'' 

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ''আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি হবে। তারপর ম্যাচ রেফারি তাঁর রায় জানাবেন।'' 

দোষী সাব্যস্ত হলে লেভেল ৩ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা।

শেষ ওভারে করাচি কিংসের জেতার জন্য দরকার ছিল ১৪ রান। বল করছিলেন হ্যারিস রউফ। 

লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন আফ্রিদি, ব্যাটার ফকর জামান এবং রউফ-- এই তিন তারকাই বোলারের রান-আপে একসঙ্গে আলোচনা করছিলেন। সেই সময়ে নিজেদের মধ্যে আলোচনার সময়ে সবার হাতেই বলটা ঘোরাফেরা করছিল। 

আম্পায়ার ফয়জল আফ্রিদি তখন বলটি চেয়ে নেন, সেটি ভাল করে পরীক্ষা করেন এবং তার পরে দ্বিতীয় অন ফিল্ড আম্পায়ার শরফৌদ্দুল্লার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। 

দুই আম্পায়ারই সিদ্ধান্তে পৌঁছন যে বলটি ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয় এবং করাচি কিংসকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়। শেষ ছ' বলে করাচির দরকার ছিল ৯ রান। আম্পায়াররা বলটিও পরিবর্তন করেন।

শেষ ওভারের প্রথম বলেই করাচির ব্যাটার খুশদিল শাহ আউট হন। এরপর রউফ একটি ওয়াইড দেন। তারপর আব্বাস আফ্রিদি একটি চার ও একটি ছক্কা মেরে ১৯.৩ ওভারে চার উইকেটে করাচিকে জিতিয়ে দেন। 

এই ঘটনার পর থেকে শুরু হয় বিতর্ক।  পাঁচ রানের পেনাল্টি ম্যাচের গতি বদলে দেয়।  যথেষ্ট প্রমাণ ছাড়া একজন খেলোয়াড়ের বিরুদ্ধে লেভেল ৩ অভিযোগ আনা ঠিক কিনা—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

লাহোর কালান্দার্স সমর্থকদের মতে, পুরো ইনিংস জুড়েই বলটি একাধিক খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ঘুরেছে। ফলে ঠিক কোন মুহূর্তে বলটি পরিবর্তন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা কঠিন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড বিস্তারিতভাবে উচ্চ-রেজোলিউশনের সম্প্রচার ফুটেজ এবং ম্যাচ রেফারির রিপোর্ট পর্যালোচনা করবে পরবর্তী শুনানিতে। বলের অবস্থা  আম্পায়ারদের পর্যবেক্ষণের সঙ্গে মেলে কিনা সেটাও দেখা হবে।

বল বিকৃতি কাণ্ডে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। 

ফকর জামান, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফও কি একই ধরনের বড় শাস্তি পাবেন? সেটাই এখন দেখার।