আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেটে আবার ডামাডোল। এবার ছাঁটাই হতে পারে টেস্ট অধিনায়ক শান মাসুদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা শান মাসুদ এবং হেড কোচ সরফরাজ আহমেদের ভাগ্য নির্ধারণ করতে বৈঠকে বসবে। মিটিংয়ে যোগ দেবেন পিসিবি চেয়ারম্যান মহসিন খান। বাংলাদেশের কাছে ০-২ তে সিরিজ হারে। তারপরই অধিনায়ক এবং কোচ বদলের সিদ্ধান্ত নেয় পিসিবি। সামনে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আসন্ন দুই সিরিজে শান মাসুদ এবং সরফরাজ আহমেদকে রাখা হবে কিনা সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পিসিবির একটি সূত্র জানায়, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সফরে শান মাসুদকে অধিনায়ক রাখা হবে কিনা। কয়েকজন নির্বাচক এবং বোর্ড কর্তা মনে করছেন, টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া উচিত সলমন আঘাকে।' সূত্র জানায়, মাসুদ অধিনায়ক হিসেবে চালিয়ে যেতে চাইলেও, বাংলাদেশ সিরিজ তাঁর বিরুদ্ধে যাবে। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। পিসিবি সূত্র জানায়, সরফরাজ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। পরের হেড কোচ হিসেবে ইউনিস খানের নাম শোনা যাচ্ছে।
পিসিবির সূত্র জানায়, 'ইউনিসের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত, সরফরাজকেই রেখে দেওয়া হবে। ইউনিসকে বোর্ডের পদের জন্য রাজি করানো সহজ নয়।' হেড কোচের ভূমিকায় মহম্মদ হাফিজের নামও শোনা যাচ্ছে। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি। দু'জনের সঙ্গেই কথা চালাচ্ছে পিসিবি। বোর্ডের সূত্র জানান, 'শনিবারের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মহসিন খান পরিবর্তন চাইছেন। কারণ উনি পাকিস্তান ক্রিকেটের সার্বিক উন্নয়ন নিয়ে খুশি নয়।' পিসিবিতে অনেকেরই দ্বৈত ভূমিকায় আছে। তাঁদের চাপ কমাতে চান চেয়ারম্যান। বর্তমানে মিসবা উল হক, আশাদ শফিক, সরফরাজ এবং আকিব জাভেদ জাতীয় নির্বাচক। বাকিরা অন্যান্য পদে আছে। সাদা বলের কোচ মাইক হেসনও নির্বাচনে অংশ নেন। বৈঠকে ডিরেক্টর নিযুক্ত হতে পারে।















