আজকাল ওয়েবডেস্ক: মিগুয়েলের পর আরও বড় ধাক্কা ইস্টবেঙ্গলে। আইএসএল জয়ী অস্কার ব্রুজোঁ জানিয়ে দিলেন তিনি আর ইস্টবেঙ্গলে কাজ করবেন না। ফলে এবারের দলগঠনে বিরাট ধাক্কা খেল লাল-হলুদ শিবির। সেখানে শুধু পাতা ঝড়ার গান।
দলবদলের বাজারে সব থেকে বড় বোমা ফাটিয়েছিলেন ব্রাজিলীয় মিগুয়েল। ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করিয়ে তিনি মোহনবাগানে সই করেন। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও বড় ধাক্কা লাল-হলুদে। অস্কার ব্রুজোঁ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, তিনি আর ইস্টবেঙ্গলে কাজ করবেন না।
সোশ্যাল মিডিয়ায় অস্কার লেখেন, ''আমি সাম্প্রতিক জল্পনা নিয়ে সরাসরি কথা বলতে চাই। ইস্টবেঙ্গল আমাকে প্রধান কোচ হিসেবে চুক্তি নবীকরনের সরকারি প্রস্তাব দিয়েছিল এবং তাদের এই আস্থার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।
অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি ইস্টবেঙ্গলে আর কাজ করব না। এটা সহজ সিদ্ধান্ত ছিল না, তবে আমার কেরিয়ারের এই পরবর্তী পর্যায়ের জন্য এটিই সঠিক সিদ্ধান্ত।

আমরা একসঙ্গে যা গড়েছি, তার জন্য আমি গর্বিত। এএফসি আন্তর্জাতিক প্রতিযোগিতার শেষ পর্যায়ে পৌঁছনো, ২২ বছরের অপেক্ষার পর আইএসএল শিরোপা জয় এবং দুটি মেজর কাপ ফাইনালে অংশগ্রহণ।
এই সবকিছু সম্ভব হত না ক্লাবের ম্যানেজমেন্ট, খেলোয়াড়, স্টাফ এবং আপনাদের, আমাদের অসাধারণ আমাগো ফ্যানস ছাড়া, যারা পুরো মরশুম জুড়ে আমাদের পাশে ছিলেন। সবকিছুর জন্য ধন্যবাদ, ইস্টবেঙ্গল। আমার পরবর্তী অধ্যায় যথাসময়ে জানানো হবে।''
আইএসএল চলাকালীনই অস্কার ব্রুজোঁ জানিয়ে দিয়েছিলেন তিনি মরশুমের শেষে আর লাল-হলুদে কাজ করবেন না। ইস্টবেঙ্গল কর্তারা তবুও মরশুম শেষে অস্কারের সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন। কিন্তু আইএসএল জয়ী কোচ শর্ত দিয়েছিলেন ক্লাবকে। তাঁর পছন্দের তিন জন বিদেশি ফুটবলার থাকলে তবেই তিনি কাজ করবেন। কিন্তু মিগুয়েলকে ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। কেভিন সিবিয়ের সঙ্গে কথাবার্তা হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। একমাত্র রশিদ সই করেছেন। এদিন অস্কার জানিয়ে দিলেন তিনি আর ইস্টবেঙ্গলে কাজ করবেন না। ফলে দলগঠনের বাজারে পরপর ধাক্কা খাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেহ্গলের নতুন কোচ কে হবেন সেটাই এখন দেখার।















