আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুমের শেষে তিনি যে আর থাকবেন না ইস্টবেঙ্গলে, সেই দেওয়াললিখন  স্পষ্টই ছিল। রবিবার সাংবাদিক বৈঠকে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ সরকারি ভাবে জানিয়ে দিলেন, ৩১ মে-র পর তিনি আর ইস্টবেঙ্গলে থাকছেন না। অর্থাৎ আইএসএলের বাকি ম্যাচগুলোর পরেই লেসলি ক্লডিয়াস সরণীতে শেষ হবে অস্কার যুগ। নতুন মরশুমে নতুন কোচ লাল-হলুদে। 

অস্কার ব্রুজোঁ যে চলতি মরশুমের শেষে ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাচ্ছেন, সে খবর শুক্রবার প্রকাশিত হয়েছিল আজকাল ডট ইনে। রবিবার সাংবাদিক বৈঠকে স্প্যানিশ কোচ একপ্রকার বোমা ফাটালেন। সোমবার সকালে ইস্টবেঙ্গল শহর ছাড়ছে। মঙ্গলবার তাদের সামনে মুম্বই। সেই ম্যাচের  বল গড়ানোর কয়েক ঘণ্টা আগে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন অস্কার। 

অনেকেই বলছেন, ইস্টবেঙ্গল এখন আইএসএলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে। এই অবস্থায় তাঁর বিদায়ের ঘোষণা করে কি ঠিক করলেন অস্কার? লাল-হলুদ কোচের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতেই পারে। কিন্তু অস্কার নিজে তাঁর ভবিষ্যৎ ঘোষণা করে দিলেন অনেক আগেই।  

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, দীর্ঘমেয়াদি ভিত্তিতে ক্লাবের দৃষ্টিভঙ্গি ও  লক্ষ্য, দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের সঙ্গে এখনও নতুন মরশুমের চুক্তি নিয়ে কথাবার্তা না এগোনো অস্কার বিদায়ের সম্ভাব্য কারণ। এই পরিস্থিতিতে অস্কার নিজেও মনে করছেন তাঁর পক্ষে নতুন মরশুমে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই তিনি হয়তো ইস্টবেঙ্গল ছাড়বেন। 

তাঁর কাছে অন্য দেশের নামী ক্লাব থেকে ভাল প্রস্তাব রয়েছে বলেও শোনা যাচ্ছে। এফসি গোয়াও অস্কারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী।

উল্লেখ্য ভারতের মাটিতে অস্কারের শুরু কিন্তু গোয়াতেই। এফসি গোয়ার কোচ হিসেবে তিনি পাদপ্রদীপের আলোয় আসেন। এছাড়াও ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের নামী ক্লাবগুলো অস্কারকে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে বলে খবর। কেবল ইস্টবেঙ্গলের তরফ থেকেই পরের মরশুম নিয়ে কথাবার্তা হয়নি বলেই সূত্রের খবর। আইএসএলে ইস্টবেঙ্গল এখন পাঁচ নম্বরে রয়েছে। অস্কারের এহেন বিস্ফোরণ কি পরবর্তী ম্যাচগুলোয় লাল-হলুদে প্রভাব ফেলবে? সময় এর উত্তর দেবে।