আজকাল ওয়েবডেস্ক:‌ বাবর আজম, সরফরাজ খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টেস্টে এই ক্রিকেটারদের দলে রাখা হয়নি। মুলতানে লজ্জার রেকর্ড করার পর বাকি দুই টেস্টে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তবে অধিনায়ক বদল হয়নি।


পিসিবি জানিয়েছে দলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ‘‌এই ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে তারা পুরো ফিট হয়ে পরের সিরিজে ফিরতে পারে।’‌ 


এদিকে পাক নির্বাচক কমিটিতে আমূল বদল হয়েছে। কমিটিতে নতুন এসেছেন আকিব জাভেদ, প্রাক্তন আম্পায়ার আলিম দার, আজহার আলি ও হাসান চিমা। 
এদিকে দলে তরুণদের মধ্যে নেওয়া হয়েছে হাসিবুল্লাহ, মেহরান মুমতাজ, মহম্মদ আলি, সাজিদ খান ও কামরান গুলামকে। পিসিবির তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‌নতুনদের বাকি দুই টেস্টের দলে সংযুক্ত করা হয়েছে।’‌ তবে বোর্ড যতই বিশ্রামের সাফাই দিক, বাবরদের বাদ দিয়ে একটা বার্তা দেওয়া হল।