আজকাল ওয়েবডেস্ক: ভারত সফরে আসার ইচ্ছা প্রকাশ করলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। ভারতীয় সমর্থকদের সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা জানিয়ে তিনি জানান, খুব শিগগিরই ভারতে এসে সময় কাটাতে চান।
২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা দীর্ঘদিন ধরে ভারতীয় টেনিসপ্রেমী ও ক্রীড়াপ্রেমীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্পেনের মাদ্রিদে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসের ফাঁকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতের টেনিস ও ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে বছরের পর বছর যে সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। সবসময়ই তাঁদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে।’
জকোভিচ জানান, গত কয়েক বছর ধরেই তিনি মনে মনে ভারতে আসার একটা টান অনুভব করছেন। তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি ভারতে দেখা হবে। আমি ভারতে আসতে চাই, বেশ কিছু বছর ধরেই আমার এই ইচ্ছে শুরু হয়েছে।’
ভারত সফরে এসে কোনও ইভেন্ট আয়োজন করা বা ম্যাচ খেলারও ইচ্ছা প্রকাশ করেছেন এই সার্বিয়ান তারকা। তবে নিজের কেরিয়ারের বর্তমান পর্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সফরের নির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত নয়। খেলার ব্যস্ততার উপরই তা নির্ভর করবে।
‘আমি সত্যিই চাই ভারতে এসে কোনও ইভেন্ট করি বা ম্যাচ খেলি। ভারতীয় মানুষের সঙ্গে আমার একটা আলাদা সংযোগ অনুভব করি,’ যোগ করেন তিনি। এছাড়াও অলিম্পিক নিয়েও নিজের ভাবনা জানান জকোভিচ।
বলেন, ‘আরও দু’বছর বাকি। আমার কেরিয়ারের এই পর্যায়ে সেটা অনেকটা সময়। তবে ভবিষ্যৎ সম্পর্কে কে-ই বা বলতে পারে!’ তিনি জানান, সার্বিয়ার হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা এখনও তাঁর অন্যতম লক্ষ্য।
ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খোলেন জকোভিচ। তিনি জানান, কোহলির জন্যই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয়েছে তাঁর।
টেনিস তারকা বলেন, ‘বিরাট আমার বন্ধু, ওঁকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। সত্যি বলতে, ওর জন্যই আমি ক্রিকেট দেখা শুরু করেছি।’ ভারত সফরে এলে কোহলির সঙ্গে মজার ছলে টেনিস এবং ক্রিকেট খেলার কথাও বলেন জকোভিচ।
তিনি বলেন, ‘আশা করি, ভারতে গেলে কোহলিও আমার সঙ্গে যোগ দেবে। আমরা একটু টেনিস, একটু ক্রিকেট খেলতে পারি, মজা করতে পারি এবং খেলাধুলার মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়াতে পারি।’
ক্রীড়াগজতের হেভিওয়েট দুই তারকার এই মেলবন্ধন ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এখনও কোনও জকোভিচের ভ্রমণ সূচি ঘিরে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। তবে টেনিস তারকার মন্তব্যে ইঙ্গিত মিলেছে। তিনি ভারত সফরে এলে কিছু না কিছু চমক থাকার সম্ভাবনা থাকছেই।
















