আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্নে বর্ডার গাভাসকার ট্রফির চতুর্থ টেস্টে দুর্দান্ত শতরান করে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন নীতীশ কুমার রেড্ডি। শতরানের পর প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে ১৪০ কোটি ভারতবাসীর প্রশংসা পেয়েছেন নীতীশ। তবে স্মরণীয় ইনিংসের পর রেডিড তাঁর কেরিয়ারের একটি স্মরণীয় মুহূর্তের কথা শেয়ার করলেন। জানালেন, শতরান করার পর যাঁকে আদর্শ মেনে তিনি বড় হয়েছেন সেই বিরাট কোহলি তাঁর কাছে এসেছিলেন। রোল মডেলের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা জানিয়ে নীতীশ বলেন, ‘এটা আমার জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত।

 

ছোটবেলা থেকে আমি বিরাট কোহলিকে দেখে বড় হয়েছি এবং তাঁকে আমি আমার আদর্শ মেনেছি। বিরাট ভাইয়ের সঙ্গে খেলতে পেরে আমি খুবই খুশি’। নীতীশ কুমার রেড্ডি আরও বলেন, ‘পারথে যখন আমি নন-স্ট্রাইক প্রান্তে ছিলাম, তখন বিরাট শতরান করেছিলেন। সেই মুহূর্তটি ছিল অসাধারণ। পরে আমি শতরান করার পর তিনি আমাকে এসে শুভেচ্ছা জানান। বলেন, তুমি খুব ভাল খেলেছ। দলকে ম্যাচে ফিরিয়ে এনেছ। বিরাট ভাইয়ের থেকে এমন কথা শুনে আমি অভিভূত।

 

আমি সবসময় এরকম মুহূর্তের স্বপ্ন দেখতাম। প্রসঙ্গত, বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার স্কট বোলান্ডকে চার মেরে শতরান পূর্ণ করেন নীতীশ রেড্ডি। এরপর মেজাজে সেলিব্রেশন। গ্যালারিতে বসে ছেলের শতরান দেখলেন বাবা। তাঁর চোখে তখন জল। ওয়াশিংটন সুন্দরও দারুণ খেলে নীতীশকে যোগ্য সঙ্গ দেন। যেখানে বিরাট, রোহিতরা ব্যর্থ সেখানে ডাকাবুকো তরুণ করে গেলেন শতরান। তাঁর জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করেছে অন্ধ্র বোর্ডও।