আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তার আগেই ইংল্যান্ড দলের বেস ক্যাম্পের কাছে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মার্কিন যুক্তরাষ্ট্রে। কানসাস সিটিতে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। উঠে গেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলের অবস্থাই স্থিতিশীল এবং তাঁদের আঘাত প্রাণঘাতী নয়। আহতদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
যে জায়গায় গুলিচালনার ঘটনা ঘটেছে, সেখান থেকে প্রায় চার মাইল দূরে রয়েছে সোয়োপ সকার ভিলেজ। ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড দলের বেস ক্যাম্প হিসেবে নির্ধারিত হয়েছে। যদিও এখনও কানসাস সিটিতে পৌঁছয়নি ইংল্যান্ড দল। বিশ্বকাপের আগে বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোয় কোস্টারিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে থ্রি লায়ন্সরা।
এই গুলি চালনার ঘটনার বিষয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
এই ঘটনার পর ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক-হিংসা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে।
১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ রয়েছে ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামার সঙ্গে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপরে বস্টনে ঘানার বিরুদ্ধে এবং তার পর পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড।
হ্যারি কেনের নেতৃত্বাধীন ২৬ সদস্যের ইংল্যান্ড দলে রয়েছেন জুড বেলিংহ্যাম, ডেকলান রাইস, বুকায়ো সাকা, জর্ডন পিকফোর্ডদের মতো অভিজ্ঞ তারকারা। পাশাপাশি কোবি মাইনু, মরগান রজার্স ও টিনো লিভরামেন্তোর মতো তরুণ ফুটবলাররাও জায়গা পেয়েছেন দলে।
১৯৬৬ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এবারের বিশ্বকাপে নামবে ইংল্যান্ড।















