আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে মুম্বই ইন্ডিয়ান্সের রিমোট কন্ট্রোল। তাঁকে নিয়ে এসেছে বড় আপডেট। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাঁকে আইপিএলের পরে ওয়ানডে ম্যাচগুলিতে পুরো ১০ ওভার বল করার জন্য প্রস্তুত থাকতে বলেছে।
২০২৩ সালের পর অনুষ্ঠিত সব আইসিসি ইভেন্টেই টিম ইন্ডিয়া জিতেছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত শেষ ওয়ানডে বিশ্বকাপে ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
সেই হার আজও সমর্থকদের মনে কষ্ট দেয়। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সালে। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারত। সেই পরিকল্পনার অংশ হিসেবেই হার্দিককে ওয়ানডেতে ১০ ওভার বল করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
হার্দিক পাণ্ডিয়া তাঁর ওয়ার্কলোড বাড়িয়েছেন। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে পুরো ১০ ওভার বল করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে পাণ্ডিয়াকে। একটি সংবাদ মাধ্য়মের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার দ্রুত ও বাউন্সি পিচে হতে চলা ২০২৭ বিশ্বকাপে টিম ম্যানেজমেন্ট চায় পাণ্ডিয়া যেন তাঁর পুরো ১০ ওভার করতে পারেন। যদিও প্রতিটি ম্যাচে তাঁকে তা করতে হবে না। তবে অধিনায়ক যখন চাইবেন, তখনই যেন তিনি সম্পূর্ণ প্রস্তুত থাকেন।
রিপোর্টে বিসিসিআই সূত্রের উল্লেখ করে বলা হয়েছে, ''পাণ্ডিয়া ওয়ানডে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকার দ্রুত ও বাউন্সি পিচে হবে। পাণ্ডিয়ার উপস্থিতি দলে ভারসাম্য আনে। তাঁকে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের বিশ্বাস করাতে হবে যে প্রয়োজন হলে তিনি তাঁর পুরো ১০ ওভার বল করে দিতে পারবেন। যদিও বেশিরভাগ ম্যাচে অধিনায়ক তাঁর থেকে সর্বোচ্চ ৭ ওভার বল করাবেন, কিন্তু প্রয়োজন হলে তিনি যেন ১০ ওভারও করতে পারেন।''
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পাণ্ডিয়া সম্প্রতি তাঁর ওয়ার্কলোড বাড়িয়েছেন। তিনি তাঁর বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন, যাতে বৈচিত্র্য আনলেও তাঁর গতি না কমে।
















