আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে কোড অব কন্ডাক্ট ভঙ্গ। জরিমানার মুখে মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
পাণ্ডিয়াকে আইপিএল কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে এই ঘটনা ঘটে।
আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইডেন গার্ডেন্সে কেকেআরের ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে রান আপে ফেরার সময়ে হার্দিক রাগের বশে জোরে স্টাম্পের বেল ফেলে দেন। এই আচরণকে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে গণ্য করা হয়েছে, যা আইপিএল কোড অব কন্ডাক্টের ২.২ নম্বর ধারার লঙ্ঘন।
ম্যাচ রেফারি রাজীব শেঠের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন মুম্বই অধিনায়ক। আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটারের ডিমেরিট পয়েন্ট চার থেকে সাতের মধ্যে পৌঁছলে এক ম্যাচের জন্য নির্বাসনের মুখে পড়তে হয়।
ম্যাচেও হতাশাজনক পারফরম্যান্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর সাত বল বাকি থাকতে চার উইকেটে জয় তুলে নেয়। বল হাতে হার্দিক দুই ওভারে ১৩ রান দিলেও কোনও উইকেট নিতে পারেননি।
ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে হার্দিক বলেন, ''ব্যাটিং ইউনিট হিসেবে আমরা অন্তত ২০ রান কম করেছি। পাওয়ারপ্লেতে অনেক উইকেট হারিয়েছি। আমি এবং তিলক যদি আরও কিছুক্ষণ ক্রিজে থাকতে পারতাম, তাহলে অতিরিক্ত ১৫-২০ রান যোগ করা যেত।''
ফিল্ডিং নিয়েও হতাশা প্রকাশ করেন মুম্বই অধিনায়ক। তাঁর কথায়, ''পুরো মরশুমে আমাদের ফিল্ডিং খুব খারাপ হয়েছে। অনেক ক্যাচ ফেলেছি। ম্যাচ জিততে হলে অর্ধেক সুযোগও কাজে লাগাতে হয়। গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করলে সবসময় ম্যাচে পিছিয়ে পড়তে হয়।”
তবে ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন হার্দিক। তিনি বলেন, “এই ধরনের উইকেটে খেলতে আমার আপত্তি নেই, যেখানে বোলাররাও কিছুটা সাহায্য পায়। আইপিএল এখন অনেকটাই ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে। আজকের উইকেটে বোলারদেরও কিছু করার সুযোগ ছিল।”
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। চলতি মরসুমে মাত্র চারটি ম্যাচ জিতেছে তারা। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলবে মুম্বই।















