আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন স্টিফেন ফ্লেমিং। এক সপ্তাহ ধরে চলা সাক্ষাৎকারের পর, কোচের দৌড়ে এগিয়ে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন হেড কোচ। ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে কাজ করবেন ফ্লেমিং। এতদিন ইংল্যান্ড দলের টেস্ট কোচ ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। অ্যাশেজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খারাপ রেজাল্টের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে শুধু ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচ ম্যাকালাম। টেস্ট দলের কোচের পাশাপাশি, লাল বলের ক্রিকেটে নতুন অধিনায়কের খোঁজে ইংল্যান্ড। 

একটি রিপোর্টে অনুযায়ী, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ ফ্লেমিং। রিচার্ড ডসন, জোনাথন ট্রট এবং টম মুডিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন ধোনিদের প্রাক্তন কোচ। প্রাথমিকভাবে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের জন্য প্রথম পছন্দ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু তিনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লন্ডন স্পিরিটে থাকার সিদ্ধান্ত নেন। জাস্টিন ল্যাঙ্গারের নামও ভেসে উঠেছিল। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করেনি ইসিবি। 

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হেড কোচ ছিলেন ফ্লেমিং। তাঁর কোচিংয়ে ধোনিরা পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়। মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের কোচ ছিলেন ফ্লেমিং। এছাড়াও সাউথ আফ্রিকা ২০তে জোবার্গ সুপার কিংসকে কোচিং করান। কিন্তু বেশ কয়েক বছর ধরে ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে সিএসকে। গত ২-৩ বছর টেবিলের নীচের দিকে শেষ করে। যার ফলে, এবার ফ্লেমিংয়ের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের গাঁটছড়া ভাঙে চেন্নাই সুপার কিংস।