আজকাল ওয়েবডেস্ক: আরও একবার বিশ্বকে তাক লাগিয়ে দিলেন আর প্রজ্ঞানন্দ। ঘরের ছেলে এবং একনম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে নরওয়ে চেস ২০২৬ এ দু'বার হারান ভারতীয় গ্র্যান্ডমাস্টার। মঙ্গলবার গড়লেন নতুন ইতিহাস। ঐতিহ্যশালী টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। পাশাপাশি গড়লেন আরও একটি নজির। ক্লাসিক্যাল দাবায় একই টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসেবে কার্লসেনকে হারালেন। পাশাপাশি প্রথম দাবাড়ু হিসেবে একই বছর ক্লাসিক্যাল দাবায় বিশ্বের একনম্বরকে দু'বার হারানোর নজির গড়লেন প্রজ্ঞা। 

তরুণ গ্র্যান্ডমাস্টারের কাছে হার স্বীকার করে নেন কার্লসেন। বিশেষ কিছু করার ছিল না। প্রজ্ঞার সঙ্গে হাত মিলিয়ে মুখে একরাশ হতাশা নিয়ে টেবিল ছাড়েন। ভারতীয় গ্র্যান্ডমাস্টার যে তাঁকে মাত দিয়েছে, সেটা অনায়াসে মেনে নেন। জোড়া জয়ে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে আসেন প্রজ্ঞা। যা কার্লসেনের অষ্টমবার নরওয়ে দাবা প্রতিযোগিতা জয়ের পথে বড় বাধা। মাত্র দু'রাউন্ড বাকি। বিশ্বের একনম্বর দাবাড়ুর ভাগ্য সুতোয় ঝুলছে। ক্লাসিক্যাল দাবায় টানা চার হার। তারমধ্যে দু'বার ভারতীয় গ্র্যান্ডমাস্টারের হাতে। নরওয়ের দাবাড়ুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। 

নরওয়ে চেস টুর্নামেন্টে শীর্ষস্থানে আছেন আমেরিকার গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো। দ্বিতীয় স্থানে ফ্রান্সের আলিরেজা ফিরোউজা। তিন নম্বরে প্রজ্ঞানন্দ। কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরেক ভারতীয় গুকেশ। আট পয়েন্টে আটকে তিনি। খুব বেশি হলে ১৪ পয়েন্টে পৌঁছতে পারবেন। টানা তিন হারে খেতাব লড়াই থেকে ছিটকে যান গুকেশ। তবে স্বপ্নপূরণের হাতছানি প্রজ্ঞার সামনে। বাকি দুই রাউন্ড জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে।