আজকাল ওয়েবডেস্ক: ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মাত্র ১০ মিনিটে গোল করে ইতিহাস তৈরি করলেন। নিজের নামাঙ্কিত ‘লিও মেসি স্ট্যান্ড’-এর সামনে মেসি দলের হয়ে প্রথম গোলটি করেন।

তবে শেষমেশ জিততে পারেনি। ঘরের মাঠে অস্টিন এফসি-র বিরুদ্ধে এমএলএসের ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। মায়ামির প্রথম গোলটি মেসির পা থেকে এলেও, ন্যু স্টেডিয়ামের ইতিহাসের প্রথম গোলটি করেন অস্টিনের ডিফেন্ডার গুইলহার্মে বিরো। ম্যাচের ৬ মিনিটে তিনি এগিয়ে দেন দলকে।  চার মিনিটের মধ্যে মেসি হেডে সমতা ফেরান। কেরিয়ারের ৯০৩-তম গোলটি করে ফেললেন মেসি। 

সমতার পর মায়ামি বল দখলে আধিপত্য দেখালেও অস্টিনের প্রতিরোধ ভাঙা কঠিন হয়ে পড়ে। ৫৩ মিনিটে পাল্টা আক্রমণে জেইডেন নেলসন গোল করে ফের এগিয়ে দেন অস্টিনকে।

ম্যাচ যখন হাতের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে, তখন কোচ মাসচেরানো অভিজ্ঞ লুইস সুয়ারেজকে নামান। মাঠে নামার ৮ মিনিটের মধ্যে সুয়ারেজ গোল করে দলের হার এড়ান। মেসির কর্নার থেকে সুয়ারেজ বল প্রতিপক্ষের জালে পাঠান।

ম্যাচের শেষের দিকে সুয়ারেজ গোল করলেও তা অফসাইডের অজুহাতে বাতি করে দেওয়া হয়। এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি এমএলএসে টানা পাঁচ ম্যাচ অপরাজিত। 

গত মরশুমে এমএলএস কাপ জেতার পর মায়ামির এটাই প্রথম হোম ম্যাচ। এবার ইন্টার মায়ামি নিজেদের শহরের নামে তৈরি স্টেডিয়ামে খেলছে।

২৬ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি উদ্বোধন করেন ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহাম ও জর্জ মাস। 
গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো।