আজকাল ওয়েবডেস্ক: ইন্টার মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ গিলেরমো হোয়োসের অভিষেক স্মরণীয় করে রাখলেন অধিনায়ক লিওনেল মেসি।
তাঁর জোড়া গোলে মেজর লিগ সকারে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
দাপুটে শুরু করে মায়ামি। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বার্তেরাম।
মাতেও সিলভেত্তির ক্রস থেকে হেডে গোলটি আসে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে কলোরাডো। মাত্র চার মিনিটের ব্যবধানে রাফায়েল নাভারো (৫৮) ও ড্যারেন ইয়াপি (৬২) গোল করে ২-২ করেন।
এই পরিস্থিতিতে ম্যাচের ভাগ্য নিজের হাতে তুলে নেন মেসি। ৭৯ মিনিটে রদ্রিগো দি পলের পাস ধরে ডান দিক থেকে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল করেন এলএম ১০। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
ম্যাচটি ডেনভারের বিশাল এনএফএল ভেন্যুতে আয়োজন করা হয়। গ্যালারিতে উপস্থিত ছিলেন ৭৫,৮২৪ দর্শক, যা এমএলএস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
ম্যাচ শেষে নতুন কোচ গিলেরমো হোয়োস বলেন, ''আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে কোনও সময়ে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।''
হোয়োস এবং মেসির সম্পর্ক দীর্ঘদিনের। বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে তাঁদের পরিচয়। বর্তমানে ইন্টার মায়ামির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে থাকা হোয়োসকে আপাতত দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই জয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি।















