আজকাল ওয়েবডেস্ক: জল্পনার অবসান। অবশেষে জানা গেল কবে শুরু হচ্ছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন। ১২ জুলাই জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ঘরোয়া লিগে অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। ১৩ জুলাই পাঠচক্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ মোহনবাগানের। দুই প্রধানই নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে।

জুনের শেষে শুরু হওয়ার কথা ছিল কলকাতা লিগ। কিন্তু কোনও অজানা কারণে লিগ পিছিয়ে যায়। বৃহস্পতিবার লিগ শুরু হওয়া নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা লিগে দলের দায়িত্বে থাকা মোহনবাগানের কোচ বাস্তব রায়। তার ২৪ ঘণ্টা কাটার আগেই লিগের প্রথম ম্যাচের সূচি জানা গেল। ডায়মন্ড হারবার এসসি, শ্রীভূমি এবং সুরুচি সংঘের খেলা নিয়ে সংশয় ছিল। শোনা যাচ্ছে, লিখিত চিঠি দিয়ে ঘরোয়া লিগে খেলার কথা জানায় সুরুচি সংঘ। তবে এখনও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। 

২৫ জুন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিন্যাস করে আইএফএ। একই গ্রুপে রাখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। গ্রুপ বি-তে রয়েছে আরও এক প্রধান মহমেডান স্পোর্টিং। একই গ্রুপে ইস্ট-মোহন হওয়ায় গ্রুপ পর্বেই হবে ডার্বি। গ্রুপ এ-তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পাশাপাশি রয়েছে বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স, কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, বিধাননগর মিউনিসিপালিটি এবং ভবানীপুর।

গ্রুপ বি-তে রয়েছে ইউনাইটেড স্পোর্টস, মহমেডান স্পোর্টিং, পিয়ারলেস, উয়াড়ি, শ্রীভূমি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, এরিয়ান, ডায়মন্ড হারবার এবং ক্যালকাটা পুলিশ। এবারের কলকাতা লিগে ভূমিপুত্র খেলানোর নিয়মে পরিবর্তন এসেছে। পাঁচ থেকে সেই সংখ্যা বেড়ে হয়েছে ছয়।