আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল শুরুর আগে বড় স্বস্তি কেকেআর শিবিরে। মাথিসা পাথিরানা সুস্থ হয়ে উঠেছেন। ফলে পেস বোলিং আক্রমণ নিয়ে চিন্তা অনেকটাই কমল নাইটদের। হর্ষিত রানা চোটের জন্য আইপিএলের অনেকটাই খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে মাথিসা পাথিরানাকে ফিট ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 


প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন পাথিরানা। এরপর আর খেলতে পারেননি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব বান্দুলা দিশানায়েকে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‌পাথিরানার রিহ্যাব সম্পূর্ণ হয়েছে। আইপিএলে যোগদানের অনুমতি দিয়ে দেওয়া হয়েছে পাথিরানাকে।’‌   


প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাথিরানা। এরপর আর বাকি টুর্নামেন্ট খেলা হয়নি। তখন থেকেই রিহ্যাবে থেকে চোট সারানোয় ব্যস্ত ছিলেন পাথিরানা। দিশানায়েকে বলেছেন, ‘‌এখন ও ফিট। আইপিএলে যোগদানের জন্য প্রয়োজনীয় এনওসি দিয়ে দেওয়া হয়েছে পাথিরানাকে।’‌ তিনি আরও বলেছেন, ‘‌এখন ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ গোটা বিষয়টি দেখবে। ও কতটা ফিট। তাই এর বেশি আর বলা সম্ভব নয়।’‌


এখনও জানা যায়নি পাথিরানা কবে কেকেআর শিবিরে যোগ দেবেন। এই মুহূর্তে নাইটরা ইডেনে প্রস্তুতি সারছে। এখনও অবধি যা খবর, ২৫ মার্চ মুম্বই উড়ে যাবে কেকেআর। ২৯ মার্চ প্রথম খেলা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে। এরপর পরপর তিনটি হোম ম্যাচ রয়েছে কলকাতার। ২, ৬ ও ৯ মার্চ। যথাক্রমে হায়দরাবাদ, পাঞ্জাব ও লখনউয়ের বিরুদ্ধে। 


এটা ঘটনা, বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হয়েছে কেকেআরকে। টি–২০ বিশ্বকাপের আগে চোট পেয়ে যান হর্ষিত রানা। অস্ত্রোপচার হলেও তিনি এখনও সুস্থ নন। আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। তার উপর বিশ্বকাপের মাঝে পাথিরানার চোট চিন্তায় ফেলে দিয়েছিল নাইটদের। তবে পাথিরানা ফিট হয়ে যাওয়ায় স্বস্তি ফিরল কেকেআর শিবিরে।