আজকাল ওয়েবডেস্ক: আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সে এই নামের ওজন মাপার সাধ্য নেই। ২০১৪ থেকে ২০২৫, টানা ১২ বছর নাইটদের সংসারের স্থায়ী সদস্য। এক দশকেরও বেশি সময় সুখ, দুঃখের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জামাইকান। কিন্তু আসন্ন আইপিএল থেকে আর বেগুনি জার্সিতে দেখা যাবে না ড্রে রাসকে। তবে গাঁটছড়া মোটেই ভাঙেনি। শুধু ভূমিকা বদল। পাওয়ার হিটার নয়, পাওয়ার কোচের নতুন ভূমিকায় বড় চেহারার ক্যারিবিয়ান তারকা। এবার একটি অভিনব পদক্ষেপে রাসেলের সঙ্গে সম্পর্ক চিরকালীন করে নিল কেকেআর। এতগুলো বছর নাইটদের ১২ নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন। এবার রাসেলকে উৎসর্গ করে ১২ নম্বর জার্সির অবসর ঘোষণা করলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। অর্থাৎ, নাইটদের এই জার্সির আর কোনও অস্তিত্ব থাকবে না। মঙ্গলবার রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে 'কেকেআর আনপ্লাগড' অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানেই ১২ নম্বর জার্সি রাসেলের হাতে তুলে দেন ভেঙ্কি মাইসোর।
কেকেআরের মঞ্চে আবেগতাড়িত হয়ে পড়েন রাসেল। জানান, নাইটদের হয়ে খেলা তাঁর কাছে বরাবরই বিশেষ ছিল। যে দল তাঁকে এত কিছু দিয়েছে, এবার তাঁদের ফিরিয়ে দিতে চান। অবদান রাখতে চান কোচ হিসেবে। রাসেল বলেন, 'আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। এক দশকের বেশি এই দলের সঙ্গে জড়িয়ে। দারুণ কিছু সাফল্যের সাক্ষী থেকেছি। এই দলের অঙ্গ হতে পেরে গর্বিত। বিশ্বকাপ জয় সবসময় স্পেশাল। আইপিএল জয় আলাদা। এবার অন্য ভূমিকায়। অন্যভাবে উপভোগ করব। আমি আছি, ডিজে ব্রাভো আছে, সুনীল আছে, ওয়াটসন রয়েছে। সবটাই আলাদা অনুভূতি এবার। তবে এবারের আইপিএলও আমার কাছে বিশেষ। মাঠে নিজেকে নিংড়ে দিয়েছি। এবার এই খেলাটার থেকে মুখ ফিরিয়ে নিতে পারব না। তাই নতুন ভূমিকা নিয়ে কোনও আফশোস নেই। আমাদের কোচিং স্টাফ ভাল। সবাই তরুণ এবং প্রতিভাবান। যে কেউ এই কোচিং স্টাফের অঙ্গ হতে চাইবে। সবাই মিলে কেকেআরের সাফল্যে অবদান রাখতে চাই।'

এই প্রথম কোচিংয়ে হাতেখড়ি। কী লক্ষ্য নিয়ে এগোবেন? রাসেল বলেন, 'আমার মনে হয় না মাইন্ডসেটে কোনও পরিবর্তন হবে। এতবছর খেলেছি, এবার কিছু ফিরিয়ে দেওয়ার পালা। দলে কোনও পরিবর্তন আনা আমার লক্ষ্য নয়। আমি এতবছর ধরে ওদের খেলতে দেখেছি। কোনও ভুলভ্রান্তি চোখে পড়লে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব। এই ফ্র্যাঞ্চাইজিকে সাহায্য করতে চাই।'
আগের মরশুম ভাল যায়নি নাইটদের। এবার দলে অনেক পরিবর্তন এসেছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নামবেন অজিঙ্ক রাহানেরা। প্লেয়ার হিসেবে নাইটদের হয়ে তিনবার ট্রফি জিতেছেন, এবার নতুন ভূমিকায় আইপিএল জিতলে কী করবেন? সমর্থকদের উৎসাহিত হওয়ার নতুন রসদ দেন ড্রে রাস। রাসেল বলেন, 'আমরা যদি চ্যাম্পিয়ন হই, ইডেনে সমর্থকদের জন্য আমি লাইভ পারফরমেন্স করব।' ক্যারিবিয়ান তারকার এই মন্তব্যের পর নিঃসন্দেহে রাহানেদের জন্য প্রার্থনা বেড়ে যাবে। মঙ্গলবার 'কেকেআর আনপ্লাগড ৩' অনুষ্ঠানে কেকেআরের নতুন জার্সির উন্মোচন হয়। একে একে পরিচিত করিয়ে দেওয়া হয় দলের সদস্যদের সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত ছিল কেকেআরের ফ্যানরা। তবে এদিন রাতের আরও একটি বড় প্রাপ্তি শেন ওয়াটসন। ব্যাটে-বলে তাঁর দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু গিটার হাতে? গিটার বাজিয়ে মিষ্টি কণ্ঠে অজি তারকার গানে মোহিত নাইট সমর্থকরা। কেকেআর চ্যাম্পিয়ন হলে, সেলিব্রেশনের অঙ্গ হিসেবে গান গাওয়ার প্রতিশ্রুতি দিলেন ওয়াটসন।
