আজকাল ওয়েবডেস্ক: প্রতিবার আইপিএলের শুরুতে তাদের নিয়ে জোর চর্চা হয়। ট্রফি জেতার সম্ভাব্য তালিকায় রাখা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। কিন্তু এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

মেগা নিলাম আসন্ন। তার আগে সর্বভারতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরসিবি রিটেন করবে বিরাট কোহলিকে। অবশ্য তা করারই কথা। আরসিবি-র জন্মলগ্ন থেকে কোহলিই মুখ ফ্র্যাঞ্চাইজির। ফলে কোহলিকে নিয়েই যে আরসিবি এগোবে, এ কথা বলাই বাহুল্য। 

লাইফলাইন পেলেন মহম্মদ সিরাজ। আইপিএল ২০২৫-এর জন্য সিরাজকেও রিটেন করবে ফ্র্যাঞ্চাইজি। 

তবে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দেবে আরসিবি। এমনটাই স্থির হয়েছে। গতবারের মেগা ইভেন্টে ম্যাক্সওয়েল ব্যর্থ হয়েছেন। ১০টি ম্যাচে মাত্র ১২৯ রান করেছেন ম্যাড ম্যাক্স। হাত ঘুরিয়ে মাত্র ৬টি উইকেট নিয়েছেন। 

অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে রাখতে চাইছে আরসিবি। কিন্তু তাঁর পিঠে চোট ফ্র্যাঞ্চাইজিকে দ্বিধা দ্বন্দ্বে রাখছে। ছ' মাস মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে। ২০২৫ সালের আইপিএলের আগে গ্রিন পুরোদস্তুর ফিট হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। ৩১ অক্টোবরের মধ্যে রিটেন করা প্লেয়ারদের তালিকা পাঠাতে হবে। এদিকে রিয়াধে ২৪ ও ২৫ নভেম্বর হবে আইপিএলের নিলাম।