আজকাল ওয়েবডেস্ক: 'আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে।' নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমন পোস্ট করে হঠাৎই আলোড়ন ফেলে দিলেন কেএল রাহুল। তাহলে কি অবসর ঘোষণা করতে চলেছেন তারকা ব্যাটার? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আবার অনেকেই মনে করছেন, তাঁর ঘোষণা ক্রিকেট সম্পর্কিত নাও হতে পারে। বর্তমান ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার কেএল রাহুল। তিন ফরম্যাটেই সমান পারদর্শী। প্রয়োজনে উইকেটকিপিংও করতে পারেন। তবে গত দু'বছর খুব একটা ভাল যায়নি তাঁর। ভারতের টি-২০ দলে জায়গা খোয়ান। বর্তমানে ছুটিতে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তারই মধ্যে নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ট করে ক্রিকেটপ্রেমীদের ভাবিয়ে তুললেন রাহুল। 

টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা টি-২০ থেকে অবসর ঘোষণা করেন। রাহুলও কি সেই পথেই হাঁটছেন? তাঁর ইনস্টা স্টোরির পর কয়েকটা ভুয়ো কমেন্ট ইন্টারনেটে ঘুরছে। সেখানে রাহুলের অবসরের উল্লেখ করা হয়েছে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবে তাঁকে আর দেখা যাবে কিনা সেই নিয়েও প্রশ্ন রয়েছে। মনে করা হচ্ছে রাহুলকে ছেড়ে দেবে সঞ্জীব গোয়েঙ্কার দল। তাহলে আইপিএল থেকে অবসর ঘোষণা করবেন? সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন ঘুরছে। আপাতত দলীপ ট্রফিতে দেখা যাবে রাহুলকে। ভাতের 'এ' দলের হয়ে খেলবেন তিনি। শুভমন গিলের নেতৃত্বে খেলবেন। ভারতীয় দলে জায়গা পেতে মূলত ঋষভ পন্থের সঙ্গে লড়াই তাঁর। উইকেটকিপারের দৌড়ে এগিয়ে পন্থ। তবে শুধুমাত্র ব্যাটার হিসেবেও সুযোগ পেতে পারেন রাহুল।