আজকাল ওয়েবডেস্ক: অবিক্রীত কেএল রাহুল। মহারাজা ট্রফি কেএসসিএ টি-২০ তে তারকা ক্রিকেটারকে কিনল না কোনও ফ্রাঞ্চাইজি। কর্ণাটকের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতার নিলামে রাহুলের বেস প্রাইজ ছিল ২ লক্ষ। যা অবাক করেছে সবাইকে। আইপিএলে ১৪ কোটিতে ভারতীয় তারকাকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে ফর্মেও ছিলেন রাহুল। এমনকী এবারের লিগের অন্যতম ধারাবাহিক ব্যাটার। সবে শেষ হয়েছে আইপিএল। তাঁকে নিয়ে নিলামে দর কষাকষি হওয়ার স্বাভাবিক ছিল। কিন্তু কেউই আগ্রহ দেখায়নি। তবে এর পেছনে একটি কারণ আছে।

২০ জুন থেকে শুরু হবে মহারাজা ট্রফি। তাতে রাহুলকে পাওয়া যাবে কিনা সেটা জানার চেষ্টা করে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা। জানানো হয়, এখনও পর্যন্ত রাহুলের খেলার সম্ভাবনা কম। এটা জানার পরই তাঁর জন্য দর হাঁকানো হয়নি। জুন এবং জুলাইয়ে ভারতীয় দলের সফরে থাকবেন রাহুল। ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের তৃতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে খেলার কথা রাহুলের। ভারতের টি-২০ দলের অঙ্গ নন তিনি। আফগানিস্তান সিরিজের পর ১৪ জুলাই থেকে শুরু হওয়া ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন রাহুল। মহারাজা ট্রফি ১২ জুলাই পর্যন্ত চলবে। অর্থাৎ, বোঝা যাচ্ছে তাঁকে নেওয়া হলে, কয়েকটা ম্যাচ খেলতে পারতেন রাহুল। তবে রাহুল নিজেই ইংল্যান্ড সফরের আগে এই টুর্নামেন্টে না খেলার ইচ্ছাপ্রকাশ করেছে কিনা জানা নেই। 

রাহুল অবিক্রীত থাকলেও, বড় দর পান করুণ নায়ার এবং মণীশ পাণ্ডে। করুণকে ১৮ লক্ষতে কেনে ম্যাঙ্গালুরু ড্রাগন্স। ১২.৭৫ লক্ষতে গুলবার্গা মিস্টকসে যোগ দেন মণীশ। এদিকে অনেক কম অঙ্কে বিক্রি হন প্রসিদ্ধ কৃষ্ণ এবং দেবদত্ত পাড়িক্কল। একই সময় ভারত সফরের জন্য এই দু'জনকেও অধিকাংশ ম্যাচে পাওয়ার সম্ভাবনা কম। হয়ত সেই কারণেই।