আজকাল ওয়েবডেস্ক:‌ কেকেআরের অধিনায়ক এবার কে?‌ অজিঙ্কা রাহানেই থাকছেন?‌ নাকি রিঙ্কু সিংকে অধিনায়ক করা হবে?‌ এখনও রয়েছে ধোঁয়াশা।


এখনও অবধি যা খবর তাতে রাহানেই থাকছেন অধিনায়ক। গতবার আট নম্বরে শেষ করেছিল কেকেআর। এবার টুর্নামেন্টের আগে সোশ্যাল মিডিয়ায় দলের প্রস্তুতির কথা জানিয়েছেন রাহানে। বলেছেন, শারীরিক ট্রেনিংয়ের পাশাপাশি মানসিকভাবে শক্তিশালী থাকাটাও জরুরি।


রাহানে বলেছেন, ‘‌আইপিএল চলে এসেছে। এবার গিয়ার বদলাতে হবে। প্রথম ম্যাচের আগেই নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলতে হবে। জিম, নেট অনুশীলন যেমন জরুরি তেমনই মানসিকভাবে তরতাজা থাকাটাও জরুরি। এটাই সবচেয়ে বড় বিষয়।’‌ তিনি আরও যোগ করেছেন, ‘‌পরিস্থিতি অনুযায়ী টুর্নামেন্টে খেলতে হবে। দায়িত্ব নিয়ে খেলতে হবে।’‌ 


রাহানের কথায় আইপিএল অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। তাঁর কথায়, ‘‌বিশ্ব ক্রিকেটে আইপিএল অন্যতম চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়াটা বিরাট বড় সম্মানের। আগামী কয়েকদিনের মধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে ফেলতে হবে।’‌


২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। কিন্তু ২০২৫ সালে আট নম্বরে শেষ করে। এরপরেই গোটা সাপোর্ট স্টাফ বদলে ফেলা হয়েছে। কোচ এখন অভিষেক নায়ার। খাতায় কলমে কেকেআর এবার বেশ শক্তিশালী। ওপেনিং থেকে মিডল অর্ডার ও বোলিং ব্রিগেড–প্রতি বিভাগেই সামঞ্জস্য রয়েছে। এখন দেখার এই দল মাঠে কেমন পারফর্ম করে। 

এদিকে, আইপিএল শুরুর আগে ১০ ফ্রাঞ্চাইজিকে কঠোর নির্দেশ দিয়েছে বিসিসিআই। জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের কোনও দল তাদের নেট সেশনের সময় প্রতিপক্ষ দল যে পিচে অনুশীলন করেছিল, সেই পিচে অনুশীলন করতে পারবে না। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।


বোর্ডের কথায়, প্রতিপক্ষ দলের জন্য অনুশীলনে আলাদা পিচের ব্যবস্থা করতেই হবে। বোর্ডের এক সূত্রে বলা হয়েছে, ‘‌অনুশীলনের জন্য নতুন পিচ দিতেই হবে প্রতি দলকে। একে অন্যের পিচ অনুশীলনে ব্যবহার করতে পারবে না। থ্রো–ডাউনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনও দল আগে অনুশীলন শেষ করলে অন্য দল ওই পিচে অনুশীলন করতে পারবে না।’‌ 

বোর্ডের তরফে আরও বলা হয়েছে, কোনও দল যদি সন্ধেয় অনুশীলন ম্যাচ খেলতে চায় তো সেই ম্যাচ সাড়ে তিন ঘণ্টার বেশি হবে না। আরও বলা হয়েছে, প্রতিটা দল সর্বোচ্চ দুটি অনুশীলন ম্যাচ খেলতে পারে। কিন্তু বিসিসিআইকে আগেভাগে জানাতে হবে। আবার ম্যাচের উইকেটে অনুশীলন ম্যাচ খেলা যাবে না বলে জানিয়েছে বিসিসিআই।