আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের আগেই আবার বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানার পর আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশ দীপ। এখনও অনিশ্চিত মথিশা পথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে সবুজ সঙ্কেত পাননি। যার বলে জোরে বোলিং নিয়ে বেজায় সমস্যায় পড়ল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। চোট পেয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন আকাশ দীপ। আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। তবে সূত্রের খবর, পুরো আইপিএলেই পাওয়া যাবে না বাংলার পেসারকে। আবু ধাবিতে শেষ মিনিটের মিনি নিলামে এক কোটিতে আকাশ দীপকে কেনে কেকেআর। দীর্ঘদিন পর বাংলার একজন ক্রিকেটার ছিল নাইটদের দলে। কিন্তু দুর্ভাগ্যবশত, বেগুনি জার্সিতে চেনা ইডেনে খেলা হবে না।
আইপিএল শুরুর আগে চোট আঘাতে জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। চোটের জন্য ছিটকে যাওয়া আকাশদীপের পরিবর্তে কেকেআর শিবির সৌরভ দুবেকে দলে নিচ্ছে বলেই খবর। এর আগে দুবে সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডের সদস্য থাকলেও তাঁর আইপিএল অভিষেক হয়নি এখনও পর্যন্ত।
সৌরভ দুবের মেন্টর সুব্রত ব্যানার্জি তাঁর ছাত্র সম্পর্কে বলছেন, ''অত্যন্ত প্রতিভাধর বাঁ হাতি ফাস্ট বোলার। ২০১৯ সালে এসিসি এমার্জিং টিমের এশিয়া কাপে ওকে দেখেছিলাম। অতিরিক্ত বাউন্স পাচ্ছিল, এছাড়া উইকেটের দুই প্রান্তে বল সুইং করাচ্ছিল। নাইট রাইডার্স ম্যানেজমেন্ট ভাল সিদ্ধান্ত নিয়েছে।''
গত ডিসেম্বরে আবু ধাবিতে অনুষ্ঠিত নিলামে দুবে অবিক্রিত থেকে গিয়েছিলেন। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলে নিলেও চোটের জন্য তাঁর যাত্রা শুরু হয়নি আইপিএলে।
২০২৩-২৪ মরশুমে দুবে বিদর্ভর হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেন। ২০২০-২১ মরশুমে বিজয় হাজারে ট্রফিতে চারটি ম্যাচ তিনি খেলেছেন। সেই সৌরভ দুবে এবার কলকাতার জার্সিতে খেলতে পারেন আইপিএলে। আকাশদীপের পরিবর্ত খুঁজে নিল কলকাতা।
