আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের আগেই আবার বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানার পর আইপিএল থেকে ছিটকে গেলেন আকাশ দীপ। এখনও অনিশ্চিত মথিশা পথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে সবুজ সঙ্কেত পাননি। যার বলে জোরে বোলিং নিয়ে বেজায় সমস্যায় পড়ল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। চোট পেয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন আকাশ দীপ। আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। তবে সূত্রের খবর, পুরো আইপিএলেই পাওয়া যাবে না বাংলার পেসারকে। আবু ধাবিতে শেষ মিনিটের মিনি নিলামে এক কোটিতে আকাশ দীপকে কেনে কেকেআর। দীর্ঘদিন পর বাংলার একজন ক্রিকেটার ছিল নাইটদের দলে। কিন্তু দুর্ভাগ্যবশত, বেগুনি জার্সিতে চেনা ইডেনে খেলা হবে না।
১৮ মার্চ থেকে ইডেনে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখনও শিবিরে যোগ দেননি আকাশ দীপ। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে ছিলেন তিনি। এদিন জানা যাচ্ছে, এবারের আইপিএলে আর পাওয়া যাবে না বাংলার পেসারকে। যদিও ঠিক কী চোট পেয়ে ছিটকে গেলেন এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল ইউনিট কেকেআর ম্যানেজমেন্টকে এই খবর জানায়। পেস বোলিং নিয়ে সমস্যা বাড়ল নাইটদের।
কোটিপতি লিগ থেকে আগেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। পুরো টুর্নামেন্টেই পাওয়া যাবে না তারকা পেসারকে। টি-২০ বিশ্বকাপের আগে একটি ওয়ার্ম আপ ম্যাচে হাঁটুতে চোট পান। সেই থেকে মাঠের বাইরে। ৯ ফেব্রুয়ারি মুম্বইয়ে অস্ত্রোপচার হয় ২৪ বছরের পেসারের। কিন্তু সময়ের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন না। আগের সপ্তাহে একটি সূত্র জানিয়েছিল, 'দুর্ভাগ্যবশত হর্ষিত রানা আইপিএলে খেলতে পারবে না। যার ফলে দলের বাকি বোলার বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক এবং আকাশ দীপরা সুযোগ পাবে। আশা করছি ওরা সুযোগের সদ্ব্যবহার করতে পারবে। রানার কোনও বদলি এখনও ঘোষণা করা হয়নি।' এবার গোটা আইপিএলে আকাশ দীপকেও পাওয়া যাবে না। এখনও হর্ষিতের পরিবর্ত ঠিক করেনি কেকেআর। হেড কোচ অভিষেক নায়ার জানান, কয়েকজন বোলারকে পরখ করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আরও একটি বড় ধাক্কা। একমাত্র মুস্তাফিজুর রহমনের বদলির নাম ঘোষণা করা হয়। নাইটদের দলে নাম লেখান ব্লেসিং মুজারাবানি। ২৯ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যাত্রা শুরু করবে কেকেআর। তার আগেই হর্ষিত, আকাশ দীপের পরিবর্ত খুঁজতে হবে নাইটদের।
