আজকাল ওয়েবডেস্ক: রিয়াল মাদ্রিদে আবারও কি হোসে মোরিনহো যুগ শুরু হতে চলেছে? 

১৩ বছর পর 'দ্য স্পেশাল ওয়ান' ফের সান্তিয়াগো বার্নাবেউয়ে ফিরেছেন বলে জানা গিয়েছে।

 ক্লাবের বর্তমান সঙ্কট কাটিয়ে উঠতেই তাঁকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। 

এর আগে জানুয়ারি মাসে জাভি আলন্সোর  পরিবর্তে দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ফ্লোরেন্তিনো পেরেজ-সহ ক্লাবের শীর্ষ কর্তাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি। 

এমন পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদ আবারও অভিজ্ঞ কোচ মোরিনহোর উপর আস্থা রেখেছে, যিনি অতীতে ক্লাবকে সাফল্য এনে দিয়েছেন। 

২০১০ সালের মে মাসে ইন্টার মিলান থেকে  রিয়ালে যোগ দেন মোরিনহো। এর আগেই তিনি ইন্টারকে ঐতিহাসিক ট্রেবল জেতান—সিরি আ, কোপা ইতালিয়া এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

রিয়ালে যোগ দেওয়ার মূল লক্ষ্য ছিল পেপ গার্ডিওলার বার্সেলোনার আধিপত্য ভেঙে ইউরোপীয় ফুটবলে শীর্ষে ফেরা।

তিন বছরের দায়িত্বে মোরিনহো রিয়ালকে লা লিগা শিরোপা এনে দেন। ১০০ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। পাশাপাশি ২০১১ সালে কোপা দেল রে এবং ২০১২ সালে স্প্যানিশ সুপার কাপও জেতেন তিনি।

তবে মোরিনহোর সময়টা কেবল সাফল্যের ছিল না, বিতর্কও ছিল প্রবল। বার্সেলোনার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ড্রেসিংরুমের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কিছু সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে মতবিরোধ, সব মিলিয়ে তাঁর শেষ মরশুম ছিল বেশ উত্তপ্ত।

২০১৩ সালে পারস্পরিক সম্মতিতে রিয়াল ছাড়েন মোরিনহো। এরপর তিনি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব পালন করেন। 

পর্তুগিজ ক্লাব বেনফিকার রিমোট কন্ট্রোল তাঁর হাতে ছিল। মোরিনহোর কোচিংয়ে বেনফিকা মরশুম শেষ করেছিল অপরাজিতভাবে। তবে লিগ জিততে পারেনি বেনফিকা।

তবে দ্য স্পেশাল ওয়ানের রিয়ালে প্রত্যাবর্তনকে অনেকেই ভাল ভাবে নিচ্ছেন না। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ইকের ক্যাসিয়াস প্রকাশ্যে মোরিনহোর নিয়োগের বিরোধিতা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ক্যাসিয়াস লেখেন, মোরিনহো ভাল পেশাদার কোচ হলেও, রিয়ালের কোচ হিসেবে তাঁকে তিনি আর দেখতে চান না।