আজকাল ওয়েবডেস্ক: রান তাড়া করতে নামার আগেই কার্যত ম্যাচ থেকে ছিটকে গেল ভারত। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর গড়ে তুলল ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে ইংল্যান্ড। 
বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বোলিং আক্রমণকে শুরু থেকেই চাপে রাখেন ইংল্যান্ডের ব্যাটাররা। জস বাটলার ৬৪ বলে ১৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে হ্যারি ব্রুকের সঙ্গে তিনি ২৩৩ রানের দুর্দান্ত জুটি গড়ে ভারতের বোলারদের সম্পূর্ণ অসহায় করে দেন। এই জুটির সামনে ভারতীয় বোলিং কার্যত ছেলেখেলার পর্যায়ে নেমে আসে। 

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘরের মাঠে ভারত টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু ভারতীয় নির্বাচকরা কোনও এক অজ্ঞাত কারণে সূর্যকে বসিয়ে শ্রেয়স আইয়ারকে ক্যাপ্টেন করেন। তাঁদের যুক্তি ছিল শ্রেয়স আইয়ার আইপিএলে ভাল ক্যাপ্টেন্সি করেছেন। কিন্তু আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট তো এক নয়। এতদিনেও এই সারসত্যটা বুঝতে পারলেন না ভারতের নির্বাচকরা। ইংল্যান্ড সফরে এসেই কঙ্কাল বেরিয়ে পড়ল ভারতীয় দলের। শ্রেয়স আইয়ারের দল হতশ্রী পারফরম্যান্স করছে। যেমন জঘন্য ব্যাটিং, তেমনই বোলিং। রক্তাল্পতা সর্বত্র। এদিন একা বাটলার ভারতীয় বোলারদের বেদম প্রহার করলেন। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন হ্যারি ব্রুক। দুই ইংরেজ ব্যাটারদের থামানোর কোনও অস্ত্রই নেই ভারতীয় বোলারদের। ফলে যাও হওয়ার তাই হল। বিশাল রানের পাহাড় গড়লেন ইংরেজরা। 

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে যানজটের কারণে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছতে না পারায় টস কিছুটা দেরিতে হয়। ভারতের একাদশে দুটি পরিবর্তন করা হয়। বৈভব সূর্যবংশীর পরিবর্তে সুযোগ পান সঞ্জু স্যামসন এবং ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে আসেন সূর্যবংশ শেডগে। ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন ছিল রেহান আহমেদের বদলে লিয়াম ডসনের অন্তর্ভুক্তি।

ইতিমধ্যেই সিরিজ নিজেদের দখলে নিয়েছে ইংল্যান্ড। আর শেষ ম্যাচে ব্যাট হাতে এমন বিধ্বংসী পারফরম্যান্স করে ভারতের সামনে পাহাড়প্রমাণ ২৫৮ রানের লক্ষ্য ছুড়ে দিল স্বাগতিকরা। অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, অক্ষর প্যাটেল, সূর্যাংশ শেডগে ও শিবম দুবে রান দিয়েছেন প্রচুর। শিবম দুবে এক ওভারে ২২ রান দিলেও ২ উইকেট নেন।