আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের রেকর্ডবুকে নাম তুললেন জো রুট। একদিনের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে পরপর ছ'টি অর্ধশতরান বা তারও বেশি রানের নজির গড়লেন। রবিবার লর্ডসে ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয়, তথা শেষ ম্যাচে এই রেকর্ড করেন। এদিন ৪৯ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। শেষ ছয় ইনিংসে রুটের রান ৬১, ৭৫, ১১১, ৭৬, ৯৯ এবং ৭৪। তারমধ্যে তিনবার অপরাজিত থেকে ক্রিজ ছাড়েন। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান তোলে ইংল্যান্ড। সিরিজ নির্ণায়ক ম্যাচে এই পাহাড়প্রমাণ রান তাড়া করে জেতা শুভমন গিলদের জন্য চ্যালেঞ্জিং।
সিরিজে রুটের তৃতীয় অর্ধশতরান। প্রথম দুই ম্যাচে ৭৬ এবং ৯৯ রানে অপরাজিত থাকেন। এবার ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টানা ছয় ইনিংসে অর্ধশতরান বা তারও বেশি রানের নজির গড়লেন। এদিন ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১৯২ রান তোলেন বেন ডাকেট এবং জেকব বেথেল। অপ্রতিরোধ্য ছিলেন ইংল্যান্ডের ওপেনাররা। ১৪১ রান করেন ডাকেট। বেথেল করেন ৯১।অনভিজ্ঞ ভারতীয় বোলিংয়ের কোনও রেয়াত করেনি ইংল্যান্ডের ব্যাটাররা। এদিন যশপ্রীত বুমরাকে মিস করে ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচে হাঁটুতে চোট পান তারকা পেসার। এদিন তার খেসারত দিতে হয় ভারতকে।
বুমরাকে ছাড়া অসহায় দেখায় ভারতীয় বোলিংকে। চারজন পেসার নিয়ে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু নিয়মিত রান দেয় তাঁরা। ডাকেট এবং বেথেল ভিত গড়ে দেওয়ার পর, সেই মোমেন্টাম ধরে রাখেন রুট। আরও একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান। ইংল্যান্ডকে ৪০০ রানের কাছাকাছি নিয়ে যান জস বাটলার। ১৩ বলে অপরাজিত ৪১ রান করেন। দাপুটে ব্যাটিংয়ে ঘরের মাঠে সিরিজে জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল ইংল্যান্ড।
















