আজকাল ওয়েবডেস্ক: ৪৮ ঘণ্টা আগেই ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। তার একদিন পরই ঢাকে কাঠি পড়েছে মেয়েদের টি-২০ বিশ্বকাপে। রবিবার যাত্রা শুরু করবে হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানারা। শুরুতেই মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। রবিবার বার্মিংহ্যামে মহাযুদ্ধর আগে বিশেষ বার্তা দিলেন জেমাইমা রডরিগেজ। স্পষ্ট জানিয়ে দেন, এই ম্যাচে প্রত্যাশা অনেক বেশি থাকে। যা অন্যান্য ম্যাচের সঙ্গে তুলনা করা যায় না। ফিরে যান স্মৃতির সরণিতে। পাকিস্তানের বিরুদ্ধে জীবনের প্রথম ম্যাচে নামার আগে সেই উপদেশ তুলে ধরেন। 

জেমাইমা বলেন, 'আমার প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ এখনও মনে আছে। ড্রেসিংরুমে হরমন দি আমাদের সঙ্গে কথা বলছিল। বলে, অস্বীকার করে লাভ নেই, বাইরের চাপ আছে। কারণ আমরা ভারত-পাকিস্তানের ইতিহাস জানি। জানি ফ্যানরা কী প্রত্যাশা করে। এমনকী আমার বিল্ডিংয়ের ওয়াচম্যান বলে, যার কাছে খুশি হারো, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নয়। এই চাপ থাকে, কারণ সবাই ক্রিকেট ভালবাসে। সবাই এই চিরপ্রতিদ্বন্দ্বীতা উপভোগ করে।' ফুটবল বিশ্বকাপের মধ্যে অনেকটাই ম্লান মেয়েদের ক্রিকেটে বিশ্বকাপ। তবে রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে পারদ চড়ছে। একদিনের বিশ্বকাপ জিতেছে ভারত। এবার লক্ষ্য টি-২০ বিশ্বকাপ।

জেমাইমা বলেন, 'ট্রফিটা হাতে তোলা লক্ষ্য। এদিন সকালে আমরা সেটা দেখতে পেয়েছি। আমরা এটা দল হিসেবে করি। আমাদের নিত্যদিনের এটাও একটা অঙ্গ। আমরা একসঙ্গে বসে, ট্রফি দেখার চেষ্টা করি। আমাদের বিশ্বাস, দূরে একটা কিছু নির্দিষ্ট করে নিলে, আমরা সেই দিশাতেই এগোব। এটাই আমাদের দলের থিম। আমরা ২০২৫ বিশ্বকাপের সময়ও এটা করেছি। অমল স্যার এখানেও সেটা করাচ্ছে। আমরা এটা করতে থাকব।' সাম্প্রতিক হার এবং প্র্যাকটিসে কঠিন ও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করে মানসিক চাপ হ্যান্ডেল করার জন্য নিজেদের তৈরি করে ফেলেছে ভারতের মেয়েরা। নির্দিষ্ট প্রতিপক্ষ নিয়ে ভাবতে চায় না ভারতীয় শিবির। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে, সংগঠিত হতে হবে। এটাই পার্থক্য গড়ে দেবে, মনে করেন জেমাইমা।