আজকাল ওয়েবডেস্ক: আলোচনা চলছিল। তাতে সিলমোহর পড়ল। বিধানসভা নির্বাচনের জন্য পিছিয়ে গেল আইএসএলের ডার্বি। বৃহস্পতিবার নতুন তারিখ ঘোষণা করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী ১৭ মে হবে আইএসএলের ডার্বি। প্রাথমিকভাবে ৩ মে বড় ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ৪ মে নির্বাচনের রেজাল্ট। তার আগের দিন ডার্বির জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না। সেই কারণেই বড় ম্যাচ পিছিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। বিকল্প হিসেবে ১৭ তারিখের কথা আগেই শোনা যায়। কিন্তু এতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিন আইএসএলের ডার্বির নতুন দিনক্ষণ ঘোষণা করল সর্বভারতীয় ফুটব ফেডারেশন। ১৭ মে সন্ধে সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে আইএসএলের বড় ম্যাচ। 

শুধু ডার্বি নয়, নির্বাচনের জন্য মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি ম্যাচের সূচিতে বদল হয়। মোহনবাগান-ইন্টার কাশী ম্যাচ ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে হবে। ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি ম্যাচের সুচিতেও বদল আছে। ২৮ এপ্রিল যুবভারতীতে ইস্টবেঙ্গল এবং ওড়িশা ম্যাচ হওয়ার ছিল। কিন্তু পরের দিন কলকাতা সহ শহরতলীতে বিধানসভা নির্বাচন থাকায় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। তাই ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ গোয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হল। ২৪ মে যুবভারতীতে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসির ম্যাচ আছে। শোনা যাচ্ছে সেই ম্যাচও পিছিয়ে যেতে পারে। এদিকে ৮ মে মুম্বই সিটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। সেটা এগিয়ে ৫ মে হতে পারে। ডার্বি পিছিয়ে যাওয়ায় অ্যাওয়ে ম্যাচ এগিয়ে আনার অনুরোধ জানায় ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।