আজকাল ওয়েবডেস্ক: মাস দু্য়েক আগেও কেউ জানত না তিনি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি জাতীয় দলে সুযোগ পান। আর তাতেই বাজিমাত। টি–২০ বিশ্বকাপে ঈশান কিষান যা খেলেছেন তা এখন ইতিহাস।
দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিষানের। সেই কিষানই পাটনা বিমানবন্দরে নেমে বলেছেন, তাঁর এই পারফরম্যান্স দেশের তরুণদের অনুপ্রাণিত করবে।
বিমানবন্দরে কিষানের সঙ্গে ছিলেন তাঁর বাবা প্রণব পাণ্ডে। বিমানবন্দরে কিষান বলেছেন, ‘আমাদের দল জিতেছে। এটা সত্যিই দারুণ। গোটা দেশের জন্যই এটা গর্বের মুহূর্ত। আমরা এভাবেই খেলে যেতে চাই ও জিততে চাই।’
এরপরই কিষান বলেছেন, ‘আমরা যত জিতব তত দেশের তরুণরা অনুপ্রাণিত হবে। আমাদের সবসময় চেষ্টা থাকে যেন দেশের প্রতিটা কোণা থেকে ক্রিকেটার বেরিয়ে আসে। আর বিশ্বকাপ জিততে হলে কঠোর পরিশ্রম দরকার।’
প্রসঙ্গত, এবারের টি–২০ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার কিষান। করেছেন ৩১৭ রান। গড় ৩৫.২২। রয়েছে তিনটি অর্ধশতরান। যার একটি ফাইনালে।
কিষান এরপরই বলেছেন, ‘দেশের হয়ে এভাবেই খেলে যেতে চাই।’ আর কিষানের বাবা বলেছেন, ‘বিষয়টা সত্যিই দারুণ অনুভূতি। আমরা ফের ইতিহাস স্পর্শ করলাম। এখন লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ।’
আপাতত আইপিএলেই ফোকাস কিষানের। হায়দরাবাদের হয়ে নামবেন এই বাঁহাতি।
বিশ্বকাপ জিততে না জিততেই এল খারাপ খবর। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা হল অর্শদীপ সিংয়ের। কিন্তু কারণ? আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে আইসিসির লেভেল ওভান অপরাধ ভেঙেছেন অর্শদীপ। আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৯ ধারা ভেঙেছেন অর্শদীপ। এই ধারার অর্থ খুব সামনে থাকা ক্রিকেটারের উদ্দেশে বল ছুঁড়েছেন তিনি। যা একেবারেই অর্থহীন।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ড ইনিংসের ১১ তম ওভারে ঘটনাটি ঘটে। অর্শদীপের ছোঁড়া বল প্রায় কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেলের গায়ে এসে লেগেছিল। যদিও ঘটনাটা বেশিদূর এগোয়নি। ম্যাচ শেষে দুই ক্রিকেটার করমর্দন করেন।
ম্যাচ শেষে অর্শদীপ বলেছিলেন, ‘খেলা শেষেই তিনি মিচেল মার্শের কাছে ক্ষমা চেয়ে নেন। আমার ছোঁড়া বলটা দুর্ভাগ্যবশত মিচেলের শরীরে গিয়ে লেগেছিল। এখানে আমার কোনওরকম উদ্দেশ্য ছিল না।’
