আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন একনম্বরে থাকার পর সিংহাসনচ্যুত হলেন অভিষেক শর্মা। বাঁ হাতি ওপেনারের জায়গা দখল করলেন তাঁরই সতীর্থ। আইসিসি ক্রমতালিকায় টি-২০ ক্রিকেটে একনম্বর ব্যাটার ঈশান কিষাণ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রায় এক বছর শীর্ষস্থান দখলে রাখেন অভিষেক। শেষমেশ ঈশানের কাছে হার মানলেন। বুধবার ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটে র্যাঙ্কিং পেশ করে আইসিসি। টি-২০ বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের জন্যই শীর্ষস্থানে উঠে এলেন ঈশান। উইকেটকিপার ব্যাটারের এটাই কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। বিশ্বকাপে ৩১৭ রান করেন। স্ট্রাইক রেট প্রায় ২০০। কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হন।
প্রায় ১২ মাস টেবিলের মগডালে থাকার পর সাত রেটিং পয়েন্টের পার্থক্যে দ্বিতীয় স্থানে নেমে গেলেন অভিষেক। টি-২০ ক্রিকেটে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে একনম্বর স্থান দখল করে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবের ক্লাবে প্রবেশ করলেন ঈশান কিষাণ। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্রমতালিকায় উঠে আসেন লোরকান টাকার এবং রস অ্যাডায়ার। বোলিংয়ে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে ওঠেন আয়ারল্যান্ডের বোলার ম্যাথিউ হামফ্রেইস। টি-২০ তে অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ ওপরে উঠে সাত নম্বরে শিবম দুবে। র্যাঙ্কিংয়ে এগোন গ্যারেথ ডেলানি এবং হ্যারি টেকারও।
আইসিসি টেস্ট ক্রমতালিকায়ও বেশ কিছু পরিবর্তন হয়। ব্যাটারদের মধ্যে প্রথমবার একনম্বর স্থান দখল করলেন ট্রাভিস হেড। হ্যারি ব্রুককে সরিয়ে শীর্ষস্থান দখল করেন অস্ট্রেলিয়ান। দ্বিতীয় স্থানে নেমে যান ব্রুক। দু'ধাপ নিচে নেমে তিন নম্বরে জো রুট। টেস্ট বোলারদের মধ্যে একনম্বর স্থান দখলে রাখেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় স্থানে নেমে যান নিউজিল্যান্ডের ম্যাথিউ হেনরি। ট্রেন্টব্রিজে ইংল্যান্ডকে হারানোয় নিউজিল্যান্ডের তারকারাও লাভবান হয়েছেন। দু'ধাপ ওপরে উঠে সাত নম্বরে রচিন রবীন্দ্র। এছাড়াও ক্রমতালিকায় এগোন ড্যারেল মিচেল, ডেভন কনওয়ে, টম লাথাম। টেস্ট অলরাউন্ডারদের মধ্যে দু'ধাপ এগিয়ে এসে আন্তর্জাতিক কেরিয়ার তিন নম্বরে শেষ করেন বেন স্টোকস। র্যাঙ্কিংয়ে এগোন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ এবং কেমার রোচও।
















