আজকাল ওয়েবডেস্ক: খবরের শিরোনামে যুজবেন্দ্র চাহাল। তবে এবার বাইশ গজে দাপুটে পারফরম্যান্সের জন্য নয়, একটি কুকীর্তি করে। ফ্লাইটের ভেতর তামাক সেবন করতে দেখা যায় তারকা স্পিনারকে। অর্শদীপ সিংয়ের ভ্লগ থেকে স্ক্রিনশট এবং ক্লিপ পোস্ট করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আহমেদাবাদ থেকে হায়দরাবাদ যাওয়ার সময় বিমানের মধ্যে 'ভেপ' ব্যবহার করতে দেখা যায় চাহালকে। একপ্রকারের ইলেকট্রনিক সিগারেটকে ভেপ বলা হয়। মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে পরে আর সেই ভ্লগে চাহালকে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দাবি, পরে নির্দিষ্ট জায়গা বাদ দেওয়া হয়েছে। তবে তার আগেই সেই ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ায়, প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে চাহাল বা পাঞ্জাব সুপার কিংসের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
কয়েকদিন আগে এই একই বিতর্কে জড়িয়ে পড়েন রিয়ান পরাগ। পাঞ্জাবের সঙ্গে ম্যাচ চলাকালীন অদ্ভুত দৃশ্য দেখা যায় রাজস্থানের ড্রেসিংরুমে। শৃঙ্খলা লঙ্ঘন করেন রাজস্থানের নেতা। ইলেকট্রনিক সিগারেটে টান দিতে দেখা যায় পরাগকে। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৬ ওভার চলাকালীন রাজস্থানের ড্রেসিংরুমে ক্যামেরা যায়। সেখানে পরাগকে দেখে মনে হয়, ইলেকট্রনিক সিগারেটে টান দিচ্ছেন। মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরেল হয়ে যায়। তাতে উদ্বেগ প্রকাশ করে ফ্যানরা। তার একটু আগেই ১৬ বলে ২৯ রান করে আউট হন পরাগ। রান তাড়া করতে নেমে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হন। সেই থেকেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। প্লেয়ারদের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে।
ড্রেসিংরুমে এমন আচরণ ন্যায্য কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে। ইলেকট্রনিক সিগারেট নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম নেই বিসিসিআইয়ের। তবে স্টেডিয়ামে প্লেয়ারদের নির্দিষ্ট আচরণবিধি আছে। প্রোটোকল অনুযায়ী ড্রেসিংরুম এবং ডাগআউটে তামাক এবং তামাক জাতীয় পদার্থ সেবন করার নিয়ম নেই। সেই নিয়মই ভাঙেন রাজস্থানের নেতা। পরাগ, চাহালদের এই আচরণ মানতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন। প্লেয়ারদের জনসাধারণের মধ্যে সচেতন থাকার বার্তা দেন প্রাক্তন তারকা।















