আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাতে জয়পুরে গুজরাট টাইটানসের বিরুদ্ধে গোলাপি জার্সিতে খেলছে রাজস্থান রয়্যালস। তবে এর কারণ শুধুই ক্রিকেট নয়, তার ঊর্ধ্বে। এটা রয়ালসদের তৃতীয় বার্ষিক পিঙ্ক প্রমিস ম্যাচ। রাজস্থান রয়্যালস ফাউন্ডেশনের মাধ্যমে নারীদের দ্বারা পরিচালিত পরিবর্তন উদযাপন করা হয় এই ম্যাচের মাধ্যমে। এই জার্সির একটি নিজস্ব গল্প আছে। জার্সি ডিজাইন করেছেন ১৯ বছরের সমীক্ষা রামেশ্বর মুনডাডা। রয়্যালস হুনার ম্যাচ কনটেস্টে ৮৫০০ জনের মধ্যে জয়ী হন তিনি। অল পিঙ্ক কিট নারী ক্ষমতায়ন, সুযোগ সুবিধা এবং সম্প্রদায় চালিত পরিবর্তনের উদাহরণ। তারমধ্যে একটি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। ম্যাচে ছয়ের তাৎপর্য আলাদা। প্রত্যেক ছয়ে রাজস্থানের সাম্বারে জেলায় ছ'টি বাড়িতে সোলার পাওয়ার দ্বারা আলোকিত হবে।
বর্তমানে প্লে অফ পর্বের কাছাকাছি চলে এসেছে আইপিএল। কোটিপতি লিগের শুরুটা ভাল হলেও, ধারাবাহিকতার অভাবে ভুগছে রয়্যালসরা। টানা তিন ম্যাচ জেতা গুজরাটের মুখোমুখি রাজস্থান। তাই জয়ের জন্য ঝাঁপাবে দুই দলই। পিঙ্ক প্রমিস ম্যাচে ঘরের মাঠে প্রত্যাবর্তনের লক্ষ্যে নামবে রাজস্থান। চলতি আইপিএলে এখনও ঘরের মাঠে একটিও ম্যাচ জেতেনি বৈভবরা। এদিন কি সেই গেরো কাটবে? চোটের জন্য গুজরাট ম্যাচে নেই রিয়ান পরাগ। তাই দলকে নেতৃত্ব দেবেন যশস্বী জয়েসওয়াল। ম্যাচের জয়ী দলের টেবিলের একনম্বর স্থান দখল করার সুযোগ থাকবে। সবার নজর থাকবে সূর্যবংশীর দিকে। আরও একটি নজিরের হাতছানি বৈভবের সামনে।















