আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন। সদ্য কেকেআরের বিরুদ্ধে দলকে জিতিয়েছেন। আইপিএল শেষ হলেই আবার ফোকাস সরবে আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু বিরাট কোহলির ভবিষ্যৎ কী? ২০২৭ একদিনের বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তারকা ক্রিকেটার। তালিকায় ছিলেন রোহিত শর্মাও। বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়া থেকেই দুই মহাতারকার উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। কিন্তু একদিন আগেই কেকেআর ম্যাচ চলাকালীন স্ট্যাম্প মাইকে কোহলির মন্তব্য চিন্তায় ফেলেছে ভক্তদের। তবে সমর্থকদের দুশ্চিন্তা দূর করে দিলেন বিরাট বার্তা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে কেরিয়ারের এই পর্যায়ে এসেও তাগিদ অনুভব করা, রানের খিদে, সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা করেন কোহলি। 

আগামী বছর একদিনের বিশ্বকাপে কি তাঁকে দেখা যাবে? এই প্রশ্ন সমস্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরছে। এদিন তারও জবাব দিলেন তারকা ক্রিকেটার। নিজের শর্ত জানিয়ে দেন। কোহলি বলেন, 'আমার চিন্তাধারা খুব স্পষ্ট। আমার যদি মনে হয়, পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী আমি দলকে কিছু দিতে পারছি, উল্টো দিকেও যদি তেমন হয়, শুধুমাত্র সেক্ষেত্রে আমি দলের অঙ্গ হতে পারি। আমাকে যদি আবার নিজেকে প্রমাণ করতে হয়, নিজের মূল্য বোঝাতে হয়, তাহলে আমি নেই। কারণ আমি নিজের সবটুকু দিয়ে প্রস্তুতি নিচ্ছি। আমি কঠোর পরিশ্রম করি। আমাকে ক্রিকেটে সবকিছু দেওয়ার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এই সুযোগ পাওয়া জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। মাথা নত করে মাঠে নামি। আমি বাকিদের মতো পরিশ্রম করি। আমি সঠিকভাবে খেলাটা খেলি। একদিনের ম্যাচে ৪০ ওভার বাউন্ডারি লাইনে দৌড়ে বেড়াতে বললে, কোনও অভিযোগ ছাড়া আমি সেটা করে দেব। কারণ আমি তেমনভাবেই প্রস্তুতি নিই। প্রত্যেক বলকে কেরিয়ারের শেষ বল ভেবে খেলি। সেইভাবেই ব্যাট করি, উইকেটের মধ্যে ছুটি। দলের জন্য যা সম্ভব, সেটাই করি। এরপরও যদি নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়, নিজের মূল্য বোঝাতে হয়, সেই জায়গা আমার জন্য না।' 

কোনও রাখঢাক না করেই গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টকে নিজের শর্ত জানিয়ে দেন কোহলি। কয়েক মাস আগে গম্ভীর ফতোয়া জারি করেছিলেন, একদিনের বিশ্বকাপ খেলতে হলে, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে ফেরেন কোহলি। তবে আর নিজেকে প্রমাণ করতে, বা নিজের মূল্য বোঝাতে যে তৈরি নন, সেটা স্পষ্ট করে দেন। ২০২৭ বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করলেও, শেষপর্যন্ত তাঁকে ভারতের জার্সিতে আর দেখা যাবে কিনা সময়ই বলবে। বর্তমানে আইপিএলের আরসিবিকে খেতাব দৌড়ে আরও একবার এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট। ১২ ইনিংসে ৪৮৪ রান করে ফেলেছেন। কমলা টুপি দৌড়ে তিন নম্বরে আছেন কোহলি।