আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর ইডেনে ফিরছে নাইটরা। শেষ তিন ম্যাচ ঘরের মাঠে। তারমধ্যে শনিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে নামবে কেকেআর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাইট শিবিরের প্রধান চিন্তা বরুণ চক্রবর্তী। চোটের জন্য আরসিবির বিরুদ্ধে খেলতে পারেননি রহস্য স্পিনার। যার খেসারত দিতে হয়। চার ম্যাচ জেতার পর বিরাট কোহলিদের কাছে হারে কেকেআর। যার ফলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যায়। আগের দিন পাঞ্জাবের হারে কিছুটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেটা কাজে লাগাতে চাইবে অজিঙ্ক রাহানেরা। গুজরাটের বিরুদ্ধে নামার আগে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে কেকেআরের সাপোর্টাররা। শুক্রবার ইডেনের নেটে প্র্যাকটিস করেন বরুণ চক্রবর্তী। গুজরাটের বিরুদ্ধে খেলবেন কিনা সেটা এখনও জানা নেই। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়, 'বরুণ নেটে বল করেছে। মেডিক্যাল টিম এবং কোচিং স্টাফ ওর ওপর কড়া নজর রাখছে। ওকে শনিবার পাওয়া যাবে কিনা সেটা খতিয়ে দেখতে হবে।'

শুক্রবার সন্ধ্যায় ঘণ্টা দুয়েক ক্রিকেটের নন্দনকাননে প্র্যাকটিস করে রাহানে, রিঙ্কুরা। ঘরের মাঠে এখনও ম্যাচ জেতেনি নাইটরা। এবার পাশা পাল্টানোর লক্ষ্যে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে কেকেআর। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে টেবিলে একনম্বরে শুভমন গিলরা। কিন্তু বিপক্ষের দুর্বলতা খুঁজে বের করেছে নাইট শিবির। গুজরাটের বেশিরভাগ রান আসে ওপেনিং জুটি থেকে। মিডল অর্ডার নড়বড়ে। তেমন ছন্দে নেই। এই সুযোগ কাজে লাগাতে চায় কেকেআর। সাংবাদিক সম্মেলনে কার্তিক ত্যাগী জানিয়ে দেন, গুজরাটের ওপেনারদের দ্রুত ফেরানো তাঁদের লক্ষ্য। এখনও পর্যন্ত পাওয়ার প্লেতে খুব বেশি সাফল্য পায়নি নাইটরা। এবার সেটা বদলাতে চায়।

কার্তিক ত্যাগী বলেন, 'এই বছর পাওয়ার প্লে আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সবসময় শুরুতে উইকেট তুলে নেওয়ার চেষ্টা করি। যাতে মিডল ওভারগুলোতে স্পিনারদের বল করতে সুবিধা হয়। পাওয়ার প্লের মধ্যে শুভমন গিল এবং সাই সুদর্শনকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারলে আমাদের সুবিধা হবে।' টুর্নামেন্টের এই পর্যায় শুধু নিজেদের বাকি ম্যাচ জিতলেই চলবে না, অন্যদের রেজাল্টের ওপর নির্ভর করতে হবে। এই অবস্থায় ড্রেসিংরুমের পরিবেশ কেমন? কার্তিক ত্যাগী বলেন, 'আমরা শুধু নিজেদের নিয়ে ভাবছি। বাকি ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা কীভাবে কাজে লাগাবো সেটাই ভাবা হচ্ছে। আমাদের হাতে যা আছে, সেই নিয়েই ভাবছি।' ইডেনে কি বেগুনি জার্সিতে অভিষেক হবে মাথিশা পথিরানার? কোনও খোলসা করতে চাননি কার্তিক। জানান, এটা টিম কম্বিনেশনের বিষয়। পুরোপুরি নির্ভর করে ম্যানেজমেন্টের ওপর।