আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড ব্রেকিং আইপিএল অব্যাহত বৈভব সূর্যবংশীর। তাঁর যত না বয়স, তার থেকে বেশি রেকর্ডের সংখ্যা। ৩৮ বলে ৯৩ রান করে একাধিক রেকর্ডের মালিক হলেন বিশ্বক্রিকেটের বিস্ময় বালক। ২২১ রান তাড়া করতে নেমে একাধিক মাইলস্টোন সেট করেন। আইপিএলের একটি সংস্করণে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্রুততম ৫০০ রানে পৌঁছন বৈভব। ছাপিয়ে যান ঋষভ পন্থকে। ২০১৮ আইপিএলে ২০ বছর বয়সে দিল্লি ডেয়ারডেভিলসে থাকাকালীন এই নজির গড়েছিলেন। তাঁকে সিংহাসনচ্যুত করলেন বৈভব। এখানেই থেমে থাকেননি। আইপিএলের এক মরশুমে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট। চলতি বছর ১৫ বছরের ক্রিকেটারের সর্বোচ্চ স্ট্রাইক রেট ২৩৬.৩। তারপরে আছেন আন্দ্রে রাসেল এবং অভিষেক শর্মা। এই তালিকায় বাকিরা হলেন নিকোলাস পুরান, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্রিস গেইল।
এছাড়াও লখনউ ম্যাচে ভুরিভুরি রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলের একটি সংস্করণে ৫০টি ছক্কা হাঁকান। বর্তমানে তাঁর ছয়ের সংখ্যা ৫৩। সার্বিকভাবে সর্বোচ্চ ছয়ের তালিকায় একনম্বরে ক্রিস গেইল। ২০১২ সালে ৫৯টি ছয় মারেন। আন্দ্রে রাসেলকে ছাপিয়ে দ্বিতীয় স্থান দখল করে নেন সূর্যবংশী। গেইলকে পেরিয়ে যেতে আরও সাতটি ছক্কা মারতে হবে বৈভবকে। গ্রুপ পর্বের আরও একটি ম্যাচ বাকি রাজস্থানের। প্লে অফে উঠলে আরও একটি ম্যাচ পাবেন বৈভব। আশা করা যাচ্ছে অনায়াসেই গেইলের ছক্কার রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
পাওয়ার হিটিংয়ে ছুঁলেন আরও একটি মাইলস্টোন। ফিন অ্যালেনের পর দু'বার এক ইনিংসে দশ বা তারও বেশি ছয় মারার নজির গড়লেন সূর্যবংশী। কোটিপতি লিগে ক্রিস গেইল এবং অভিষেক শর্মার পর তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএলের এক ইনিংসে একাধিকবার ১০টি ছক্কা হাঁকানোর নজির গড়লেন। তাঁর দৌলতে রাজস্থান রয়্যালসও একটি নতুন রেকর্ড গড়ে। এক ইনিংসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ছক্কা মারার নজির গড়ল ফ্র্যাঞ্চাইজি। চলতি আইপিএলে ৬০টি ছয় মারে রাজস্থান। তারমধ্যে একাই ৩৭টি মারেন বৈভব। যশস্বী জয়েসওয়াল মারেন ১২টি। দলের বাকিরা মিলে ১১টি ছয় মারে। এর আগে এই রেকর্ড ছিল সানরাইজার্স হায়দরাবাদের। ২০২৪ আইপিএলে ৫৯টি ছয় ছিল তাঁদের নামে। মঙ্গলবারের জয়ে টেবিলে চার নম্বরে উঠে এসেছে রাজস্থান। বৈভব দলকে প্লে অফে তুলতে পারে কিনা সেটাই দেখার। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ রাজস্থানের।















