আজকাল ওয়েবডেস্ক: সোমবার চিপকে চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। অনেকেই মনে করছেন, মরশুমে প্রথমবার এবং আইপিএলে শেষবার হলুদ জার্সিতে দেখা যেতে পারে ধোনিকে। তেমনই ভাবা হচ্ছে। রবিচন্দ্রন অশ্বিনের বার্তা থেকেও তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু তারকা স্পিনারের সঙ্গে সহমত নন সুনীল গাভাসকর। সম্পূর্ণ উল্টো কথা বললেন। সরাসরি ধোনিকে নামানোর জুয়া খেলতে নিষেধ করলেন কিংবদন্তি। জানান, কাফ মাসেলে চোটের জন্য গোটা মরশুম দলের বাইরে থাকার পর এমন গুরুত্বপূর্ণ পর্বে ঝুঁকি নিতে চাইবেন না ধোনি নিজেও। গত এক বছরের একটিও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইট্যান্সের সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে। তার আগে দলের সেট কম্বিনেশন ভাঙার ঝুঁকি কি নেওয়া হবে?

সানি মনে করেন, এমন দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা উচিত ম্যাচ ফিট প্লেয়ারদের। যারা নিয়মিত খেলছে। ধোনির মতো টিমম্যান এমন পরিস্থিতিতে দলের কম্বিনেশনে নষ্ট করতে চাইবেন না। গাভাসকর বলেন, 'সানরাইজার্সের সঙ্গে ম্যাচ গুরুত্বপূর্ণ। চিপকে চেন্নাইয়ের শেষ ম্যাচ। তাই ফ্যানরা ধোনিকে দেখতে চাইবে। কিন্তু ও এই মরশুমে এখনও পর্যন্ত খেলেনি। এক বছর প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে। এই অবস্থায় হয়ত কোনও ঝুঁকি নিতে চাইবে না। এখন ম্যাচ ফিট প্লেয়ারদের দরকার। যারা ছয় সপ্তাহ নিয়মিত খেলছে। ধোনি সম্পূর্ণ টিমম্যান। আমার মনে হয় না বর্তমান কম্বিনেশন ভাঙতে চাইবে। ও সানরাইজার্সের বিরুদ্ধে খেললে আমি অবাক হব। চেন্নাইয়ের মরণ-বাঁচন ম্যাচ। প্লে অফের দৌড়ে টিকে থাকতে ওদের জিততেই হবে। যেভাবেই হোক ম্যাচটা জিততেই হবে। একজন প্লেয়ার যে একবছর খেলেনি, তাঁকে নামানো জুয়া খেলা হয়ে যাবে।' প্রসঙ্গত, ২০২৫ আইপিএলের আগে ৪ কোটিতে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করা হয় ধোনিকে। সেই চুক্তি আরও এক বছর বাড়ানো হয়।